ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন সংবাদমাধ্যম ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি দেখা গেছে। স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে সেখানে পুলিশের ছবি, সহিংসতার দৃশ্য এবং রাজনৈতিক বক্তব্যসংবলিত একটি ছবি প্রদর্শিত হচ্ছিল।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এসব দৃশ্য দেখা যায়। সেখানে ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবিও ভেসে উঠছিল। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনা যাচ্ছিল।
এ ঘটনার পর থেকে ডিএমপি নিউজের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

