ধারাবাহিক এসব ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সরকার তাঁদের নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্ট করে জানানোর আহ্বানও জানান তিনি।
সংসদে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই সরকার তাদের কী ধরনের নিরাপত্তা দেবে? সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেটি আমাদের জানিয়ে দিক।’
পরিকল্পিতভাবে টার্গেট করার অভিযোগ এনসিপির
এনসিপি নেতাদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থকেরা ভয়ের পরিবেশ তৈরি করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে দমিয়ে রাখতে সংগঠকদের লক্ষ্যবস্তু করছেন। তাঁদের দাবি, এসব হামলা ও হুমকি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আন্দোলনের সম্মুখসারির নেতাদের ভয় দেখানোর ধারাবাহিক প্রচেষ্টা।
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, ‘যারা নিজেদের মধ্যে ফ্যাসিবাদী চিন্তাধারা ধারণ ও লালন করেন, তাদের একমাত্র লক্ষ্য এনসিপি। তারা মনে করেন, এনসিপিকে মুছে দিতে পারলে এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও সমন্বয়কদের সরিয়ে দিতে পারলে এ দেশে আবার নতুনভাবে ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব।’
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ, তাঁদের নেতাকর্মীদের ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে লক্ষ্যবস্তুর তালিকাও প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এসব তালিকায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নাম রয়েছে।
আখতার হোসেন বলেন, ‘এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তারা ভয়ভীতি প্রদর্শন করছেন। কিন্তু আমরা যারা জুলাইয়ে জীবন দেওয়ার নিয়ত নিয়ে রাজপথে নেমেছিলাম, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডে আমরা ভয় পাই না বা ভীত হই না। বরং বাংলাদেশকে রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
হামলা ও হুমকি ঠেকাতে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করছেন এনসিপির নেতারা। তাঁদের অভিযোগ, কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হামলাকারীরা সাহস পাচ্ছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
সরকারের সমালোচনা করে হান্নান মাসুদ বলেন, ‘দিবালোকের মতো পরিষ্কার যে সরকার পুরোপুরি ব্যর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীও পুরোপুরি ব্যর্থ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন বিষয়টি হলো, তারেক রহমানের সরকার এই ব্যর্থতা উপলব্ধি করছে কি না এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তার ব্যর্থতা উপলব্ধি করছেন কি না।’
বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই
রাজনৈতিক বিশ্লেষকেরাও ধারাবাহিক হামলা ও হুমকির ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন। তাঁদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে সহিংসতা ও ভীতি প্রদর্শন গণতান্ত্রিক পরিবেশের জন্য বড় হুমকি। এসব ঘটনা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান বলেন, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও সেগুলো ঠেকাতে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাঁর মতে, সরকারের একাংশের মধ্যে পরিস্থিতি অস্বীকার করার প্রবণতাও রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অনেক সময় ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন। কিন্তু একই ধরনের ঘটনা বারবার ঘটলে সেগুলোকে বিচ্ছিন্ন বলার যৌক্তিকতা থাকে না।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য প্রতিষ্ঠা না হলে এ ধরনের সংকট আরও বাড়তে পারে। তবে হামলাগুলোর পেছনে কারা জড়িত, সেগুলো পরিকল্পিত কি না এবং বিভিন্ন ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত জরুরি।

