বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মভিটা কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় একসময় জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরে সাত দিনব্যাপী উৎসব, গ্রামীণ মেলা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো। রাষ্ট্রীয় পর্যায়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও অংশ নিতেন এসব আয়োজনে। তবে সময়ের সঙ্গে কমেছে আয়োজনের পরিসর। এবার জেলা প্রশাসনের উদ্যোগে হচ্ছে তিন দিনের মেলা।
সাহিত্যিকের জন্মভিটায় তাঁর ব্যবহৃত চেয়ার, ছবি ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষিত থাকলেও গড়ে ওঠেনি প্রত্যাশিত স্মৃতি কমপ্লেক্স বা আধুনিক জাদুঘর। সমৃদ্ধ পাঠাগার এবং নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনেরও ঘাটতি রয়েছে। ফলে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই লেখকের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ সীমিত রয়ে গেছে।
বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা ও সাংবাদিকতাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবদান রয়েছে। ‘বিষাদ-সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়ার বস্তানী’ ও ‘গো-জীবন’ তাঁর উল্লেখযোগ্য রচনা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, লেখক ও গবেষক ড. আবুল আহসান চৌধুরীর মতে, মীর মশাররফ হোসেনকে শুধু বাঙালি মুসলমানের সাহিত্যিক হিসেবে দেখার সুযোগ নেই। সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে তিনি অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যস্রষ্টা। বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদনের মতো সাহিত্যিকদের পাশাপাশি উনিশ শতকের বাংলা সাহিত্যে তাঁরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আবুল আহসান চৌধুরী বলেন, মীর মশাররফ হোসেন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী লেখক। উপন্যাস, উপাখ্যান, নাটক, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, গান এমনকি স্কুলপাঠ্য বইও লিখেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা ও সাময়িকপত্র সম্পাদনায়ও তাঁর ভূমিকা ছিল। ১৮৭০-এর দশকে ‘আজিজুন নেহার’ এবং ১৮৯০ সালে ‘হিতকরী’ পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন তিনি।
তাঁর মতে, ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের চিরায়ত গ্রন্থগুলোর একটি। বইটির ইংরেজি ও হিন্দি অনুবাদও প্রকাশিত হয়েছে। তবে মীর মশাররফের সাহিত্যকর্ম নিয়ে মানুষের জানাশোনা ও চর্চা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তাঁর রচনায় থাকা উদারতা, অসাম্প্রদায়িকতা, সমাজমনস্কতা ও মানবপ্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।
উৎসবের পরিসর কমেছে
একসময় মীর মশাররফ হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাহিনীপাড়ায় সাত দিনব্যাপী মীর উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হতো। আলোচনা সভা, নাটক, লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মরণিকা প্রকাশে মুখর থাকত পুরো এলাকা। তৎকালীন সরকারের সাতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অংশগ্রহণও এসব আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল।
তবে সময়ের সঙ্গে উৎসবের সেই জৌলুশ কমেছে। এখন জন্ম ও মৃত্যুবার্ষিকী সীমিত পরিসরে পালিত হয়। এবার জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু জন্মভিটাকে ঘিরে পূর্ণাঙ্গ স্মৃতি কমপ্লেক্স গড়ে তোলার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, মীর মশাররফ হোসেন শুধু কুষ্টিয়ার সম্পদ নন, তিনি সমগ্র বাংলাদেশের সম্পদ। বাংলা ভাষাভাষী মানুষের কাছে তিনি কালজয়ী সাহিত্যিক। আগে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাহিনীপাড়ায় বড় পরিসরে অনুষ্ঠান ও মেলা হতো। সেই ধারাবাহিকতায় জন্মভিটাকে কেন্দ্র করে একটি কমপ্লেক্স, সমৃদ্ধ পাঠাগার এবং উন্নত স্মরণিকা প্রকাশের প্রত্যাশা ছিল। কিন্তু এখন সে ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্মৃতি সংরক্ষণে উদ্যোগের দাবি
মীর মশাররফ হোসেনের জন্মভিটায় তাঁর ছবি, ব্যবহৃত চেয়ারসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। সেখানে একটি পাঠাগারও আছে। তবে এসব উদ্যোগ আরও সমৃদ্ধ ও বিস্তৃত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাঁর স্মৃতি সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করছেন মীর মশাররফ হোসেনের নামে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল। তিনি জানান, ১৯৮১ সাল থেকে এই সাহিত্যিককে নতুন করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। শুরুতে মৃত্যুবার্ষিকীতে দোয়া এবং জন্মদিনে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হতো। পরে সাত দিনব্যাপী গ্রামীণ মেলা ও মীর উৎসব শুরু হয়। তবে এত বছরেও তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য প্রত্যাশিত মানের জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
আব্দুল জলিল বলেন, এলাকাবাসীর উদ্যোগে মীর মশাররফ হোসেনের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে তাঁর স্মৃতি সংরক্ষণ এবং সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় পর্যায়ে আরও বড় উদ্যোগ প্রয়োজন।
নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর প্রয়োজন
জন্মভিটা দেখতে আসা দর্শনার্থীদেরও রয়েছে নানা প্রত্যাশা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কিংবা লালন সাঁইয়ের আখড়ায় নিয়মিত আয়োজন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখা যায়। কিন্তু মীর মশাররফ হোসেনের জন্মভিটায় তেমন আয়োজন চোখে পড়ে না। নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্ম তুলে ধরতে নিয়মিত অনুষ্ঠান ও সাহিত্যচর্চার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাঠ্যক্রমেও তাঁর রচনাকে আরও গুরুত্ব দেওয়া উচিত।
স্থানীয় বাসিন্দা ওয়ালিদ হাসান আরিয়ান বলেন, প্রতি বছর জন্মদিনে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলেও তা আরও বড় পরিসরে হওয়া দরকার। দেশ-বিদেশের মানুষের কাছে মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম পৌঁছে দিতে সরকারের বিশেষ নজর প্রয়োজন।
মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা খাতুন জানায়, তাদের এলাকায় এমন একজন বিখ্যাত সাহিত্যিকের জন্ম হওয়ায় তারা গর্বিত। জন্মবার্ষিকীর মেলার জন্য তারা অপেক্ষা করে থাকে। তবে আয়োজন আরও কয়েক দিন চললে তাদের ভালো লাগবে।
একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল হাসানের মতে, মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণে আরও বড় পরিসরে জাদুঘর, বিদ্যালয় ও অনুষ্ঠানস্থল গড়ে তোলা প্রয়োজন।

