নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কমতে শুরু করেছে। এর প্রভাবে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। দাম বাড়ায় ক্রেতাদের আগ্রহ কমেছে। অনেকেই মাছঘাটে এসে দরদাম করে ইলিশ না কিনেই ফিরে যাচ্ছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ছুটির দিনে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, আগের তুলনায় ঘাটে ইলিশের সরবরাহ কম। দাম বেশি হওয়ায় ক্রেতার সংখ্যাও কম। বেচাকেনা কম থাকায় অনেক ব্যবসায়ীকে অলস সময় কাটাতে দেখা গেছে।
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, মৌসুম শেষের দিকে হওয়ায় এখন সরবরাহ বাড়ার সম্ভাবনা কম। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। আর এক কেজির কম ওজনের ইলিশের দাম ১ হাজার ৭০০ থেকে ২ হাজার টাকা। এক সপ্তাহ আগের তুলনায় দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী কামাল হোসেন বলেন, নদীতে ইলিশ ধরা তুলনামূলক কমে গেছে। ফলে মাছঘাটে সরবরাহ কমে দাম বেড়েছে। মৌসুমের শেষ পর্যায়ে সরবরাহ আরও কমতে পারে। এতে সামনের দিনগুলোতেও ইলিশের দাম চড়া থাকার আশঙ্কা রয়েছে।

