কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খান সাহেবের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাবা-ছেলে ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।

