আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষানুরাগী কিশোরীলাল রায় চৌধুরী-এর ১৭৮তম জন্মবার্ষিকী। তিনি ১৮৪৮ সালের ১৯ নভেম্বর মানিকগঞ্জের বালিয়াটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।বর্তমান সময়ে আমরা বহু শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে থাকি। কিন্তু সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস ও কৃতিত্বের দাবিদারদের নাম কে স্মরণ রেখেছেন।
১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক এবং ব্রজসুন্দর কৈত্র ঢাকায় ব্রাহ্ম স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে ১৮৭২ সালে এর নাম পরিবর্তন করে জগন্নাথ স্কুল করা হয়। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন।
১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণির কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। ১৯৭৫ সালে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করে এবং ২০০৫ সালের ২০ই অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫” পাশের মাধ্যমে জগন্নাথ কলেজ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদিত হয়।
মহান মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেন চির অম্লান। ১৯৭১ সালের ২৬ মার্চ জগন্নাথ কলেজে পাকিস্তানি সেনারা হামলা চালায়। ছাত্ররা অনেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে গণহত্যা চালানো হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জগন্নাথের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হন। ছাত্র সংগ্রাম পরিষদ মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করে। জগন্নাথ কলেজে পাকিস্থানি সেনাদের ক্যাম্প করা হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এখান উদ্ধার করা হয় কয়েক ট্রাক ভর্তি মানব কঙ্কাল এবং গণকবর।

