রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার দিনের প্রথমার্ধে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেঘলা আকাশ ও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
শনিবার (১৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়নি। এতে বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় গরমের তীব্রতা আরও বাড়বে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং গতকালের সর্বোচ্চ ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে, এসব এলাকায় আপাতত ঝুঁকির আশঙ্কা নেই।
গতকাল রাতে দেওয়া সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

