ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য শহর গড়তে হলে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি মনে করেন, দলমত নির্বিশেষে সবাই একত্রে কাজ করলে ঢাকাকে একটি মানবিক ও টেকসই নগরীতে রূপান্তর করা সম্ভব।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসরকারি সংগঠন ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে অংশ নেন ৫ শতাধিক তরুণ। আয়োজকদের ভাষ্যে, এই ম্যারাথনের উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে ন্যায়ভিত্তিক, পরিবেশবান্ধব ও মানবিক নগর গঠনের ধারণা ছড়িয়ে দেওয়া।
প্রশাসক এজাজ বলেন, “ন্যায্য নগর গঠনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, সবুজ ও মানবিক শহরের ভিত্তি তৈরি হয় তরুণ প্রজন্মের সক্রিয়তায়।” তিনি জানান, পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করতে, খোলামেলা পাবলিক স্পেস ও সবুজ এলাকা বাড়াতে ডিএনসিসি ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে।
ম্যারাথনে দুটি বিভাগ ছিল— ৫ কিমি ও ৭.৫ কিমি। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, যা নগরের সবুজায়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।
আয়োজক প্রতিষ্ঠান ব্রাইটার্সের পক্ষ থেকে জানানো হয়, এই ইভেন্ট তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ জাগাতে সহায়তা করবে। একইসঙ্গে এটি ন্যায্য নগরায়ণের ধারণাকে জনপ্রিয় করে তুলবে। সংগঠনটির মতে, তরুণরাই পারে এমন একটি ঢাকা গড়ে তুলতে, যেখানে মর্যাদা, ন্যায্যতা ও পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে।

