ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রকল্পের স্কুলিং মডেল বাতিলের দাবিতে আজ সোমবার সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ অবরোধে মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওনা হন।
সায়েন্সল্যাব মোড় ঘিরে অবরোধ চলতে থাকায় এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশ বন্ধ হয়ে পড়ে। একইসঙ্গে নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নীলক্ষেতগামী সড়কও অচল হয়ে যায়। গাড়ির লাইনে দীর্ঘ আটকে থাকা বাস, রিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেলের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ধানমন্ডির দোকান কর্মচারী রাশেদুল ইসলাম বলেন, “ধানমন্ডি পর্যন্ত জ্যাম ছাড়িয়েছে। গাড়ি না চলায় হেঁটেই নিউমার্কেটের দিকে যাচ্ছি। এভাবে হঠাৎ সড়ক বন্ধ হলে সাধারণ মানুষই সবচেয়ে বিপদে পড়ে।”
একই ভোগান্তির কথা জানান পথচারী আফসানা খাতুনও। তিনি বলেন, “নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলাম, কিন্তু অবরোধে গাড়ি পাইনি। শেষে হাঁটতে বাধ্য হয়েছি। সায়েন্সল্যাব পার হয়ে সামনে গিয়ে গাড়ি ধরার চেষ্টা করবো।”
শিক্ষার্থীরা বলছেন, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস, স্বকীয়তা, ঐতিহ্য ও পরিচিতি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের অভিযোগ, এ সিদ্ধান্ত গ্রহণের সময় শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি, যা ভবিষ্যতে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচয় সংকট তৈরি করতে পারে।
উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাদ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ ১২ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

