শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং অগ্রিম বর্ধিত বেতন সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই প্রজ্ঞাপন অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির এমএড অথবা মাস্টার্স ডিগ্রিধারী সহকারী শিক্ষক-শিক্ষিকারা একটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন, আর প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে প্রাপ্য হবে ২টি অগ্রিম বর্ধিত বেতন।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, এই সিদ্ধান্ত ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে চাকরি বেতন ও ভাতা আদেশ, ২০১৫–এর ১২ (২) নম্বর অনুচ্ছেদে উল্লেখিত তদানিন্তন এডুকেশন ডিপার্টমেন্টের মেমোরেন্ডাম নম্বর ৮৩২-এর তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হলো। একই সঙ্গে এই পদে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা সংযোজন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, যেসব সহকারী শিক্ষক-শিক্ষিকা দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা একটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন। অন্যদিকে প্রথম শ্রেণির এমএড অথবা মাস্টার্স ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এই সুবিধা কার্যকর হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে।

