সিটি ব্যাংক পিএলসি-এর শেয়ার গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে। সপ্তাহের চার কার্যদিবসে ব্যাংকটির মোট ১১৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক গড়ে লেনদেন হয়েছে প্রায় ২৮ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর মোট সাপ্তাহিক লেনদেনের ৩ দশমিক ৩৯ শতাংশই ছিল সিটি ব্যাংকের দখলে। সপ্তাহ শেষে ব্যাংকটির শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৩০ টাকা ৮০ পয়সা।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৬৭ পয়সায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৭ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মে।
উল্লেখ্য, সিটি ব্যাংক ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়ে আসছে এবং সাম্প্রতিক সময়ে আয় ও সম্পদমূল্যের উন্নতির কারণে শেয়ারটি বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

