ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে নতুন উদ্যোগ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটি ভিসা কার্ডধারীদের জন্য আনুষ্ঠানিকভাবে ‘গুগল পে’ সেবা চালু করেছে, যার মাধ্যমে এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা দ্রুত ও কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবে।
ন।এই সেবার আওতায় সাউথইস্ট ব্যাংকের ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা সহজেই তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করতে পারবেন। এরপর দেশ-বিদেশের বিভিন্ন মার্চেন্ট আউটলেটে মোবাইলের মাধ্যমেই পেমেন্ট সম্পন্ন করা যাবে। এতে ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজন অনেকটাই কমে আসবে।
ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এবং আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক ভিসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন এই পেমেন্ট সিস্টেমে উন্নত নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এনক্রিপশন ও টোকেনাইজেশন প্রযুক্তির মাধ্যমে কার্ডের প্রকৃত তথ্য সরাসরি মার্চেন্টের কাছে প্রকাশ হয় না। ফলে প্রতিটি লেনদেন আরও সুরক্ষিতভাবে সম্পন্ন হয় বলে জানানো হয়েছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে উৎসাহিত করতে বিশেষ প্রমোশনও দেওয়া হচ্ছে। গুগল পে ব্যবহার করলে গ্রাহকরা নির্দিষ্ট লেনদেনে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মোবাইল-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাড়লে লেনদেন আরও দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
সিভি/কেএইচ

