দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসির নেতৃত্বে এসেছে পরিবর্তন। নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাসান ও. রশিদ, যিনি দীর্ঘদিনের ব্যাংকিং অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্বের জন্য পরিচিত।
ব্যাংক সূত্রে জানা গেছে, হাসান ও. রশিদ এর আগে প্রাইম ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি ইস্টার্ন ব্যাংকেই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। ফলে প্রতিষ্ঠানটির ভেতরের কার্যক্রম ও সংস্কৃতি সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা।
২০০৭ সাল থেকে টানা এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসা আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হলেন তিনি। বাংলাদেশে কোনো ব্যাংকের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি এমডির দায়িত্বে থাকার নজির খুবই বিরল।
ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসান ও. রশিদের ব্যাংকিং খাতে রয়েছে ৩১ বছরের বেশি অভিজ্ঞতা। কর্মজীবনে তিনি দেশীয় ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রান্সফরমেশন, ইনোভেশন এবং কৌশলগত নেতৃত্বের ক্ষেত্রে তিনি সুপরিচিত। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিক্ষাগত দিক থেকেও সমৃদ্ধ হাসান ও. রশিদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে গারভিন স্কুল অব ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, থান্ডারবার্ড থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। পাশাপাশি যুক্তরাজ্যের ওমেগা থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদও অর্জন করেছেন।

