বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক থেকে পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন। বুধবার এ পদোন্নতির মাধ্যমে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ নির্বাহী পদে উন্নীত হন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে গবেষণা বিভাগ, পলিসি অ্যানালাইসিস ইউনিট ও চিফ ইকোনমিস্টস ইউনিটে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও কাজ করেছেন।
শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। তার গবেষণার ক্ষেত্র ছিল বাংলাদেশের ব্যালান্স অব পেমেন্টস ও বাণিজ্য প্রবাহ সম্পর্কিত বিষয়। দীর্ঘ ৩২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা কার্যক্রম ও নীতিনির্ধারণী কাজে যুক্ত ছিলেন।

