বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়নে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এ লক্ষ্যে দেশের অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পে সম্ভাব্য অর্থায়ন, বিনিয়োগ এবং কারিগরি সহায়তা নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে।
গতকাল মঙ্গলবার সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনডিবির ইন্ডিয়ান রিজিওনাল অফিসের মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের যোগাযোগ খাতের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে সম্ভাব্য অর্থায়ন, বিনিয়োগের সুযোগ এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে দেশের অবকাঠামো উন্নয়নের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, পদ্মা সেতু, যমুনা সেতু এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেমন ত্বরান্বিত হয়েছে, তেমনি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যানজটমুক্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ঋণের শর্ত যেন সহনীয় ও বাস্তবসম্মত থাকে, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এনডিবির মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এ কারণে দেশের যোগাযোগ খাতের উন্নয়নে এনডিবি অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী। তিনি জানান, সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র ও প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বৈঠকে উভয় পক্ষ এনডিবির অর্থায়নে নতুন প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ে ভবিষ্যতে কারিগরি ও প্রযুক্তিগত পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। একই সঙ্গে ব্যাংকের ঋণের শর্ত এবং সম্ভাব্য অর্থায়নের ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত লিখিত প্রস্তাব দেওয়ার অনুরোধ জানানো হয়। সেতু বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়।

