আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা বদিউর রহমান। একই সঙ্গে পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সেলিম রহমান।
ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। বদিউর রহমান এর আগে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত।
নতুন দায়িত্ব গ্রহণের পর বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার সময়ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োজিত ছিল। সে সময় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকটিকে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। বর্তমানে আবারও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করায় নতুন বাস্তবতায় একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে তিনি উল্লেখ করেন। তবে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ব্যাংকটিকে পুনরায় শক্ত অবস্থানে ফিরিয়ে আনার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া সেলিম রহমান শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, লজিস্টিকস ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে কেডিএস গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। তিনি বর্তমানে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতির দায়িত্বও পালন করছেন।
এর আগে গত বুধবার বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৪ জন পুরোনো শেয়ারধারীকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই সময় থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমেই ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

