প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ব্যাংকিং ও আর্থিক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার হিসেবে পরিচিত। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়ন এবং টেকসই অর্থায়নে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানগুলোকে এই স্বীকৃতি দেওয়া হয়।
প্রাইম ব্যাংকের ভাষ্য অনুযায়ী, তাদের ব্যবসায়িক কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যক্রম এবং অর্থায়ন সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে ইএসজি নীতিমালা অন্তর্ভুক্ত করার ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা এসেছে।
ব্যাংকটি জানায়, সবুজ ও টেকসই অর্থায়ন সম্প্রসারণ, ইএসজি সুশাসন আরও শক্তিশালী করা এবং বাংলাদেশকে জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছে।
এ লক্ষ্যে প্রাইম ব্যাংক নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন সবুজ প্রকল্পে অর্থায়ন অব্যাহত রেখেছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), নারী উদ্যোক্তা, কৃষি খাত এবং আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগও বাড়ানো হচ্ছে।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, টানা চতুর্থবার ইউরোমানির এই স্বীকৃতি অর্জন ব্যাংকের জন্য গর্বের বিষয়। এটি টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যাংকিং এবং শক্তিশালী সুশাসনের প্রতি তাদের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন।
তিনি আরও বলেন, ব্যাংকের ব্যবসা পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে ইএসজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অর্জন কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, অংশীদার ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন তিনি।
ফয়সাল রহমান বলেন, ভবিষ্যতেও দায়িত্বশীল প্রবৃদ্ধিতে অর্থায়নের মাধ্যমে একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও আরও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রাইম ব্যাংক কাজ চালিয়ে যাবে।
ব্যাংকটির দাবি, এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক—তিন ক্ষেত্রেই ইতিবাচক ও দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টি করতে সক্ষম আর্থিক সমাধান প্রদানে তাদের অঙ্গীকারকে আরও জোরালো করবে।

