সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদাভাবে কোনো আর্থিক অনিয়মের তদন্ত চালাবে না বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকভিত্তিক চলমান পরিদর্শন ও তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, সাংবিধানিকভাবে সাহাবুদ্দিন রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে কোনো পৃথক অনুসন্ধান পরিচালনা করবে না নিয়ন্ত্রক সংস্থা। তবে দেশের আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে ব্যাংকভিত্তিক যেসব তদন্ত চলছে, সেগুলোতে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হলো বাণিজ্যিক ব্যাংক পরিদর্শন করা। তদন্তে কোনো অনিয়ম ধরা পড়লে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। কোনো ব্যক্তি অনিয়মে জড়িত থাকলে সেই অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও যাচাই করা হয়।
তিনি আরও বলেন, ব্যাংকের নিজস্ব অডিটের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক এবং বাহ্যিক নিরীক্ষাও পরিচালিত হয়। তাই কোনো ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে বা বিশেষ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ব্যাংক তদন্ত পরিচালনা করে না। এ ধরনের লক্ষ্যভিত্তিক অনুসন্ধানের সুযোগও নেই বলে তিনি মন্তব্য করেন।

