মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি ক্রেতাদের জন্য আকর্ষণীয় শর্তে অটো লোন সুবিধা দিতে র্যাংগস লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উদ্যোগের ফলে গ্রাহকদের জন্য গাড়ি কেনার অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ জুলকার নাইন এবং র্যাংগস লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ হামদুর রহমান সায়মন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বাংলাদেশে মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক র্যাংগস লিমিটেডের মাধ্যমে গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকরা ব্যাংক এশিয়া থেকে সহজ ও আকর্ষণীয় শর্তে অটো লোন সুবিধা পাবেন।
প্রতিষ্ঠান দুটির ভাষ্য, এই অংশীদারত্বের মাধ্যমে গাড়ি ক্রয়ের অর্থায়ন আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব হবে, যা সম্ভাব্য ক্রেতাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

