চলতি ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় সমন্বিত নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি অর্জন করেছে সিটি ব্যাংক। ছয় মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫২৬ কোটি টাকা।
ব্যাংকটি জানিয়েছে, মূলত বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং কমিশন ও ফি ভিত্তিক আয় বাড়ার কারণে মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।
সিটি ব্যাংকের প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ০১ পয়সায়। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ১ টাকা ৭২ পয়সা।
এদিকে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয়ও বেড়েছে। এই সময়ে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬৩ পয়সায়, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ১ টাকা ১৯ পয়সা।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে হয়েছে ৩৭ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৫ টাকা ৩৭ পয়সা।
একই সঙ্গে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের বছরের ১৩ টাকা ৯৪ পয়সা থেকে তা বেড়ে চলতি বছরের প্রথমার্ধে ৪৪ টাকা ২০ পয়সায় পৌঁছেছে।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগ আয় ও ফি-ভিত্তিক সেবার আয় বাড়ার পাশাপাশি আর্থিক কার্যক্রমে গতি আসায় মুনাফায় এ প্রবৃদ্ধি হয়েছে।

