ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনিস আহমেদ। পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে তার নিয়োগ কার্যকর হয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।
আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৬টি দেশে সাপ্লাই চেইন সেবা, বেসরকারি কনটেইনার টার্মিনাল, বিমান পরিবহন, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা এবং আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ওভাই, ইনসুরটেক প্রতিষ্ঠান ওয়াদাআ.ইনসিউর এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম যাত্রারও প্রতিষ্ঠাতা। গত এক দশক ধরে দেশে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উন্নয়নেও কাজ করে আসছেন তিনি।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আনিস আহমেদ বলেন, ইস্টার্ন ব্যাংক এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বের বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তিকে কাজে লাগিয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনের আরও ঘনিষ্ঠ অংশ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করবে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক উদ্যোগেও যুক্ত রয়েছেন। সুহানা ও আনিস আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই আন্দোলনে আহত ২৬৮ জনকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫ সালে ফাউন্ডেশনটির প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী সেবা পেয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফাউন্ডেশনটির প্রতিষ্ঠিত ৩১ শয্যার শিশু হেমাটোলজি ওয়ার্ডও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

