দেশে ও বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশি নাগরিকদের খরচ বেড়েছে। বিপরীতে বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের তুলনায় জুনে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের খরচ বেড়েছে প্রায় ২২৫ কোটি টাকা। একই সময়ে দেশের ভেতরেও ক্রেডিট কার্ডে তাঁদের ব্যয় বেড়েছে ১৭৩ কোটি টাকার বেশি।
মে মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ৮১২ কোটি টাকা খরচ করেছিলেন। জুনে সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭ কোটি টাকায়। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে বিদেশে কার্ডে খরচ বেড়েছে প্রায় ২২৫ কোটি টাকা।
জুনে বিদেশে বাংলাদেশিদের সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে তাঁরা মোট ৮৫ কোটি ১ লাখ টাকা খরচ করেছেন।
এরপর রয়েছে থাইল্যান্ডে ৫৮ কোটি ৫ লাখ টাকা, সৌদি আরবে ৪৯ কোটি টাকা, যুক্তরাজ্যে ৪৬ কোটি ২ লাখ টাকা, সিঙ্গাপুরে ৪০ কোটি ৪ লাখ টাকা, ভারতে ৩৭ কোটি টাকা, মালয়েশিয়ায় ৩৩ কোটি টাকা, কানাডায় ২৪ কোটি টাকা, নেদারল্যান্ডসে ২২ কোটি টাকা এবং অস্ট্রেলিয়ায় ১৮ কোটি টাকা।
এ ছাড়া আয়ারল্যান্ডে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৬ কোটি টাকা খরচ করেছেন। বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে তাঁদের ব্যয় হয়েছে আরও প্রায় ৯৫ কোটি টাকা।বিদেশের পাশাপাশি দেশের ভেতরেও বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, মে মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে বাংলাদেশি নাগরিকদের মোট ব্যয় ছিল ৪ হাজার ২৮৭ কোটি টাকা। জুনে তা বেড়ে ৪ হাজার ৪৬১ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে অভ্যন্তরীণ কার্ড লেনদেন বেড়েছে ১৭৩ কোটি টাকার বেশি।
অন্যদিকে বাংলাদেশে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে। মে মাসে তাঁরা এ দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩১২ কোটি ৪ লাখ টাকা খরচ করেছিলেন। জুনে সেই ব্যয় কমে দাঁড়িয়েছে ২৪১ কোটি ৫ লাখ টাকায়।
অর্থাৎ এক মাসে বিদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় কমেছে প্রায় ৭১ কোটি টাকা।
জুনে বাংলাদেশে ক্রেডিট কার্ডে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। তাঁদের ব্যয়ের পরিমাণ ছিল ৪৯ কোটি ৮ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকেরা ২২ কোটি ৯ লাখ টাকা এবং ভারতের নাগরিকেরা ১৮ কোটি ৯ লাখ টাকা খরচ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের এই হিসাব থেকে মে ও জুনের তুলনায় ক্রেডিট কার্ড ব্যবহারের একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। একদিকে দেশে ও বিদেশে বাংলাদেশিদের কার্ডভিত্তিক ব্যয় বেড়েছে, অন্যদিকে বাংলাদেশে বিদেশি নাগরিকদের কার্ডে খরচ কমেছে।

