রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন। পুরানা পল্টনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের পঁচাত্তরটি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানেরা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের দুজন উপব্যবস্থাপনা পরিচালক, হেড অব অপারেশনস এবং প্রধান অর্থ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জানান, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির ধারাবাহিক চর্চার ফলে গ্রাহকদের মধ্যে ব্যাংকটির প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে, যার প্রতিফলন ঘটেছে ব্যাংকের আমানত প্রবৃদ্ধিতে—বর্তমানে যা তিপ্পান্ন হাজার কোটি টাকার বেশি ছাড়িয়ে গেছে।
সম্মেলনে ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক অগ্রগতির একটি বিস্তারিত চিত্র উপস্থাপন করেন, যেখানে বিভিন্ন সূচকে প্রতিষ্ঠানের অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

