এক দশক পূর্তির মাইলফলক ছুঁয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম এবং হেড অব হিউম্যান রিসোর্সেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খোন্দকার শফিকুজ্জামান। এ ছাড়া সিনিয়র ব্যবস্থাপনা দলের সদস্যরা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন।
ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত দশ বছরের পথচলায় সীমান্ত ব্যাংক দেশজুড়ে নিজেদের সেবার পরিধি ধারাবাহিকভাবে বাড়িয়েছে। বর্তমানে সারা দেশে ব্যাংকটির ২৮টি শাখা, ৮টি উপশাখা ও ৩টি সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকরা সেবা পাচ্ছেন। পাশাপাশি নগদ লেনদেনের সুবিধার্থে দেশজুড়ে স্থাপন করা হয়েছে ৪৪টি এটিএম বুথ।
প্রতিষ্ঠার এক দশক পূর্তিতে ব্যাংকটির এই ধারাবাহিক সম্প্রসারণ গ্রাহকসেবার পরিধি বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

