বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম আরও শক্তিশালী করতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে সিটি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক ইসলামী ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)।
সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আইটিএফসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইটিএফসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদিব ইউসুফ আল আমা। অন্যদিকে সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন। বৈঠকে আইটিএফসি ও সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংকের সঙ্গে আইটিএফসির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০১৯ সাল থেকে দুই প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে একসঙ্গে কাজ করছে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে সিটি ব্যাংক আইটিএফসির কাছ থেকে ৪ কোটি মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা পাচ্ছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি যৌথ অর্থায়ন সুবিধাও রয়েছে।
বৈঠকে দুই পক্ষ তাদের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়। পাশাপাশি রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
আলোচনায় শরিয়াহভিত্তিক বাণিজ্য অর্থায়ন ব্যবস্থার পরিধি বাড়ানো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা করা এবং আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।
সিটি ব্যাংক ও আইটিএফসি মনে করছে, এ ধরনের সহযোগিতা দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

