চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব আবারও সিটিজেন্স ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় তাকে পুনর্নির্বাচিত করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হানিফ বাংলাদেশের বস্ত্র ও আবাসন খাতে তিন দশকের বেশি সময় ধরে ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি সালমা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের এই ব্যবসায়িক গোষ্ঠীটি বস্ত্র, বাণিজ্য ও আবাসনসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।
ব্যবসার পাশাপাশি শিল্পের উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় হানিফ। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক। একই সঙ্গে তিনি এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সালমা গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান ‘দাবির সোহানী সুরাইয়া ফাউন্ডেশন’-এর কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ফাউন্ডেশনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ব্যক্তি ও বিভিন্ন জনগোষ্ঠীর জন্য সহায়তা দিয়ে থাকে।
ব্যবসা, শিল্পের উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার মধ্যেই সিটিজেন্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পেলেন চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব।

