হজযাত্রীদের সুবিধার্থে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই কার্ড ব্যবহার করে সৌদি আরবে মাস্টারকার্ডের লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল তোলা যাবে। সব পস মেশিনে পেমেন্টও করা যাবে। এ ছাড়া বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনা খরচে ব্যবহার করতে পারবেন কার্ডধারীরা।
ব্যাংক জানিয়েছে, প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কার্ডে লোড করে নিতে পারবেন। কার্ড তাৎক্ষণিকভাবে ইস্যু ও সরবরাহ করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্যদের মতবিনিময় সভায় কার্ডটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক সোহেল আলিম। ধন্যবাদ জানান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম। হাব ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

