বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেয়েছে ভিইওএন লিমিটেড ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি দেশে ডিজিটাল অবকাঠামো, আর্থিক সেবা, যোগাযোগ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে।
ভিইওএন প্রাথমিকভাবে ২৫ কোটি ডলারের বিনিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বাংলাদেশে মোট ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
ভিইওএন ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই ডিজিটাল ব্যাংক প্রচলিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে।
প্রযুক্তি খাতে ভিইওএনের অভিজ্ঞতা এবং স্কয়ার গ্রুপের উৎপাদন, বিতরণ ও ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করে নতুন এই ব্যাংক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে চায়।
নতুন ডিজিটাল ব্যাংকটি বাংলালিংকের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মোবাইল ব্যবহারকারীদের কাছে সহজে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভিইওএন জানিয়েছে, এই অনুমোদন বাংলালিংকের বিদ্যমান ডিজিটাল লেনদেন সেবার ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে চালু হওয়া ‘বাংলাদেশে বিনিয়োগ করুন’ উদ্যোগের আওতায় এই প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে।
ভিইওএনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু বলেন, আর্থিক অন্তর্ভুক্তি দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে ডিজিটাল ব্যাংকের অনুমোদন সেই লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মদিনে এই অনুমোদন পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নতুন ডিজিটাল ব্যাংকের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুস বলেন, দেশব্যাপী মোবাইল নেটওয়ার্কের সঙ্গে ডিজিটাল আর্থিক সেবা যুক্ত হলে সাধারণ মানুষের জন্য আর্থিক সুবিধা আরও সহজলভ্য হবে।
ডিজিটাল ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা মোবাইল অ্যাপ বা অনলাইন ব্যবস্থার মাধ্যমে হিসাব খোলা, অর্থ লেনদেন, বিল পরিশোধ এবং অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

