বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা কেনার সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে একজন ভ্রমণকারী ব্যক্তিগত ভ্রমণ কোটার আওতায় একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার কিনতে পারবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে মানি চেঞ্জারের মাধ্যমে ডলার কেনার সর্বোচ্চ সীমা ছিল ২ হাজার মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটানো এবং ভ্রমণকে আরও সহজ করার উদ্দেশ্যেই এই সীমা বাড়ানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক তাঁর প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশের মধ্যে বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা ও কোটার সীমা বিবেচনায় নিয়ে ডলারসহ অন্যান্য অবাধে বিনিময়যোগ্য মুদ্রার নোট ও কয়েন আকারে সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণে যাওয়া নাগরিকদের নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আরও সুবিধা ও নমনীয়তা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে পর্যটন, চিকিৎসা ও শিক্ষা ভ্রমণে যাওয়া ব্যক্তিদের জন্য এটি বাড়তি সুবিধা দেবে।

