পল্লী সঞ্চয় ব্যাংকের ঘোষিত ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিয়েছে ব্যাংকটি। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সরকারের অনুকূলে ঘোষিত এই লভ্যাংশের চেক রোববার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি তুলে দেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ বি এম জাহিদ হোসেন ও মো. আলাউদ্দিনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো ও জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। সরকারের অনুকূলে ঘোষিত লভ্যাংশ জমা দেওয়ার মাধ্যমে ব্যাংকটির এই অর্থ সরকারি কোষাগারে যুক্ত হলো।

