চট্টগ্রামের শতবর্ষী আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে বছরে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার শুঁটকি কেনাবেচা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা এই বাজারে আসেন। এখানকার শুঁটকি সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির একটি উল্লেখযোগ্য অংশ রপ্তানি হচ্ছে বিদেশেও।
আছাদগঞ্জ খুচরা শুঁটকি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু নাছের জানান, বাজারটিতে বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতি কেজি গড়ে ৮০০ টাকা হিসাবে বার্ষিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, দেশের মোট শুঁটকির চাহিদার ৩০ থেকে ৩৫ শতাংশ সরবরাহ হয় এই বাজার থেকে। বাজারটিতে প্রায় ৪৫ জন আড়তদার ও ৩০০টি খুচরা দোকান রয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার এখানে বসে সাপ্তাহিক শুঁটকির হাট। তবে সপ্তাহের অন্য দিনগুলোতেও বেচাকেনা চলে।
আড়তদার সমিতির কর্মকর্তাদের হিসাবে, দেশে বছরে শুঁটকির চাহিদা প্রায় ৬০ হাজার টন। এর বিপরীতে স্থানীয় উৎপাদন প্রায় ২৭ হাজার টন। বাকি ৩৩ হাজার টন আমদানি করা হয় মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে। আমদানি করা শুঁটকির মধ্যে লইট্যা, ফাইস্যা, পোয়া, নাইলা ও ছোট ছুরি মাছের শুঁটকি উল্লেখযোগ্য। বাজারে মাছের ধরন, আকার ও মান অনুযায়ী দামের পার্থক্য রয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) আছাদগঞ্জের বাজারে প্রতি কেজি লইট্যা শুঁটকি ৮৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা, রূপচাঁদা ২ হাজার থেকে ৫ হাজার টাকা এবং লাক্ষা ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের ছুরি শুঁটকির দাম ছিল কেজিপ্রতি ৬০০ থেকে ২ হাজার টাকা। ব্যবসায়ীরা জানান, মান ও আকারের ওপর ভিত্তি করেই এসব পণ্যের দাম নির্ধারিত হয়।
শুঁটকির এই বাণিজ্যের পেছনে রয়েছে চট্টগ্রামের উপকূলজুড়ে বিস্তৃত উৎপাদনকেন্দ্র। কর্ণফুলী নদীর দুই তীরের বাকলিয়া, ইছানগর, ডাঙ্গারচর, চাক্তাই, রাজাখালী ও জুলধাসহ বিভিন্ন এলাকায় শুঁটকি তৈরি হয়। বাঁশখালী ও আনোয়ারার উপকূলীয় এলাকাতেও রয়েছে উৎপাদনকেন্দ্র। সংশ্লিষ্টদের হিসাবে, চট্টগ্রাম অঞ্চলের দুই শতাধিক স্থানে শুঁটকি উৎপাদনের কাজ চলে। এসব কাজে নারীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিক যুক্ত রয়েছেন।
বাকলিয়ার বাস্তুহারা এলাকার কর্ণফুলী নদীর তীরে প্রায় ৯৮ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে একটি বড় শুঁটকি পল্লী। সেখানে ১২০টি মাচায় মাছ শুকানো হয়। উৎপাদনকারীদের হিসাবে, প্রতিদিন প্রায় দুই হাজার শ্রমিক সেখানে কাজ করেন। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত মাছ পরিষ্কার, নাড়িভুঁড়ি অপসারণ, শুকানো ও বস্তাবন্দী করার কাজে ব্যস্ত থাকেন তাঁরা। শুঁটকি শ্রমিক মর্জিনা বেগম জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। আরেক শ্রমিক ছখিনা খাতুন বলেন, সারাদিন কাজ শেষে তিনি ৫০০ টাকা মজুরি পান, যা দিয়ে সংসার চালান।
ডাঙ্গারচরের শ্রমিক নুর কাদের জানান, সাগর থেকে আনা মাছ প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে নাড়িভুঁড়ি ফেলে দেওয়া হয়। এরপর মাচায় শুকাতে দেওয়া হয়। রোদ ভালো থাকলে তিন থেকে চার দিনের মধ্যে মাছ শুকিয়ে শুঁটকিতে পরিণত হয়। পরে বস্তায় ভরে এসব শুঁটকি আছাদগঞ্জসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়।
আছাদগঞ্জের বাজারে শুঁটকি সংরক্ষণেও রয়েছে পুরোনো পদ্ধতি। সেখানে সারি সারি মাটির কলসিতে রাখা হয় চ্যাপা শুঁটকি। ব্যবসায়ী সুমন বড়ুয়া জানান, কলসির মুখ ভালোভাবে বন্ধ করে রাখলে বাতাস ঢুকতে পারে না এবং শুঁটকি দীর্ঘদিন ভালো থাকে। তবে বড় আকারের শুঁটকি সংরক্ষণের জন্য এখন হিমাগার ব্যবহার করতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের খরচ বাড়ছে।
দেশীয় বাজারের পাশাপাশি চট্টগ্রামের শুঁটকির চাহিদা রয়েছে বিদেশেও। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া শুঁটকির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ আছাদগঞ্জ ও চাক্তাই বাজারের মাধ্যমে সরবরাহ করা হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এসব শুঁটকি যায়। আছাদগঞ্জ শুঁটকি আড়তদার সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বলেন, সরকারি সহযোগিতা ও সঠিক উদ্যোগ পাওয়া গেলে শুঁটকি রপ্তানি দেশের জন্য আরও বড় সম্ভাবনার খাত হতে পারে।

