দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক অবস্থায় বড় ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে। চলতি বছরের প্রথম নয় মাসে ২৪টি ব্যাংক মুনাফা করলেও সাতটি ব্যাংক বড় অঙ্কের লোকসানে পড়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সাত ব্যাংকের সম্মিলিত লোকসান দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫১ কোটি টাকা। বিপরীতে মুনাফা করা ২৪ ব্যাংকের মোট মুনাফা হয়েছে ৯ হাজার ৪৫৩ কোটি টাকা।
হিসাব অনুযায়ী, মুনাফা করা ব্যাংকগুলোর সম্মিলিত আয়ের চেয়ে লোকসানে থাকা ব্যাংকগুলোর ক্ষতির পরিমাণ ৫ হাজার ৭৯৮ কোটি টাকা বেশি।
ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি লোকসান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। অন্যদিকে মুনাফার দিক থেকে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক।
অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খেলাপি ঋণ বৃদ্ধি এবং আমানতকারীদের আস্থার সংকটের কারণে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিপরীতে তুলনামূলক ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলো নতুন আমানত পাচ্ছে। তবে কয়েকটি ব্যাংকের মুনাফা বাড়লেও তা দিয়ে পুরো ব্যাংক খাতের প্রকৃত অবস্থা বোঝা যায় না।
সবচেয়ে বেশি লোকসান ইসলামী ব্যাংকের
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশের লোকসান হয়েছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২০ টাকা ৪১ পয়সা। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা।
লোকসানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। প্রথম নয় মাসে ব্যাংকটির লোকসান হয়েছে ৩ হাজার ১৭ কোটি টাকা। শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে এই লোকসান ছিল ৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দ্বিগুণের বেশি হয়েছে।
এবি ব্যাংকের লোকসান হয়েছে ২ হাজার ৮১৮ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ৩১ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। ফলে আগের বছরের তুলনায় লোকসান কিছুটা কমলেও ব্যাংকটি এখনো বড় ক্ষতির মধ্যে রয়েছে।
এ ছাড়া আইএফআইসি ব্যাংকের লোকসান হয়েছে ২ হাজার ৫০৬ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ১৩ টাকা ৪ পয়সা। রূপালী ব্যাংক লোকসান করেছে ৯৯৬ কোটি টাকা। এর শেয়ারপ্রতি লোকসান ১০ টাকা ৫৮ পয়সা।
একই সময়ে প্রিমিয়ার ব্যাংকের লোকসান হয়েছে ৫৫৮ কোটি টাকা এবং আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ৭১ কোটি টাকা।
মুনাফায় শীর্ষে ব্র্যাক ব্যাংক
লোকসানে থাকা ব্যাংকগুলোর বিপরীতে কয়েকটি ব্যাংক উল্লেখযোগ্য মুনাফা করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক।
চলতি বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা হয়েছে ১ হাজার ৭৬৩ কোটি টাকা। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৭ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫ টাকা ২৯ পয়সা।
মুনাফার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৫৮৫ কোটি টাকা মুনাফা করেছে। শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৫ টাকা ৮৩ পয়সা।
সিটি ব্যাংক মুনাফা করেছে ৮৬৮ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। প্রাইম ব্যাংকের মুনাফা হয়েছে ৬৮৫ কোটি টাকা। শেয়ারপ্রতি আয় ৫ টাকা ৬২ পয়সা।
এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ৬৭৪ কোটি টাকা, ডাচ্-বাংলা ব্যাংক ৬২৪ কোটি, যমুনা ব্যাংক ৫০২ কোটি, ব্যাংক এশিয়া ৪৫১ কোটি, শাহজালাল ইসলামী ব্যাংক ৪৪৫ কোটি, উত্তরা ব্যাংক ৪৩১ কোটি এবং এনসিসি ব্যাংক ৩৪৮ কোটি টাকা মুনাফা করেছে।
তবে মুনাফা করলেও কয়েকটি ব্যাংকের আয় আগের বছরের তুলনায় কমেছে। ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় ১ টাকা ৩৩ পয়সা থেকে কমে ১ টাকা ১২ পয়সা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের আয় ১ টাকা ৮৭ পয়সা থেকে কমে ৪৩ পয়সায় নেমেছে।
একইভাবে ওয়ান ব্যাংকের শেয়ারপ্রতি আয় ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের আয় ৩৪ পয়সা থেকে কমে মাত্র ৩ পয়সা হয়েছে।
আট ব্যাংকের নগদ প্রবাহ ঋণাত্মক
মুনাফা ও লোকসানের পাশাপাশি ব্যাংকগুলোর নগদ অর্থের প্রবাহেও বড় পার্থক্য দেখা যাচ্ছে। বছরের প্রথম নয় মাসে ২৩টি ব্যাংকের পরিচালন নগদ প্রবাহ ইতিবাচক থাকলেও আটটি ব্যাংকের ক্ষেত্রে তা ঋণাত্মক হয়েছে।
এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২০ টাকা ৫৮ পয়সা, এবি ব্যাংকের ৬ টাকা ৯৪ পয়সা এবং আইএফআইসি ব্যাংকের ৪ টাকা ৪৬ পয়সা ঋণাত্মক।
এ ছাড়া রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নগদ প্রবাহ ঋণাত্মক ৩ টাকা ৭৭ পয়সা, ন্যাশনাল ব্যাংকের ৩ টাকা ৪৩ পয়সা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ টাকা ৪৩ পয়সা এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৪২ পয়সা।
অন্যদিকে পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক ও সিটি ব্যাংকের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ৭০ টাকার বেশি। ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ক্ষেত্রে তা ৫০ টাকার বেশি।
ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক হওয়া ব্যাংকের নগদ অর্থ ব্যবস্থাপনায় চাপের ইঙ্গিত দিতে পারে। তবে শুধু এই একটি সূচক দিয়ে কোনো ব্যাংকের সামগ্রিক তারল্য পরিস্থিতি নির্ধারণ করা যায় না।
ভালো ব্যাংকের মুনাফার বড় উৎস সরকারি ঋণপত্র
কয়েকটি ব্যাংকের বড় মুনাফাকে পুরো ব্যাংক খাতের সুস্থতার প্রমাণ হিসেবে দেখতে রাজি নন অর্থনীতিবিদ মোহাম্মদ মুসলিম চৌধুরী। সাবেক এই অর্থসচিব বর্তমানে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক।
তিনি জাগো নিউজকে বলেন, ব্যাংকের প্রধান কাজ মানুষের সঞ্চয় সংগ্রহ করে তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা। ব্যাংক খাতের সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের সরাসরি সম্পর্ক রয়েছে।
মুসলিম চৌধুরীর মতে, কয়েকটি ব্যাংক ভালো মুনাফা করলেও অন্য ব্যাংকগুলোর বড় লোকসান থাকলে পুরো খাতের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ থেকেই যায়।
তিনি বলেন, ভালো মুনাফা করা অনেক ব্যাংকের আয়ের উল্লেখযোগ্য অংশ আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ থেকে। এসব বিনিয়োগ তুলনামূলক নিরাপদ হলেও বেসরকারি খাতে ঋণ বিতরণের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তাঁর মতে, ব্যাংকগুলো শুধু প্রতিষ্ঠিত ও তুলনামূলক নিরাপদ গ্রাহকদের ঋণ দিলে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি এবং কম সুবিধাপ্রাপ্ত খাতগুলো প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হতে পারে।
বিনিয়োগ কমে যাওয়ায় ঋণের চাহিদাও কম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীও মনে করেন, ব্যাংকগুলোর মুনাফার বড় উৎস হয়ে উঠেছে সরকারি ঋণপত্র।
তিনি বলেন, দেশে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি গত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ব্যবসায়ীদের অর্থের প্রয়োজন থাকলেও বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকায় তাঁরা নতুন ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছেন না।
ফারুক আহমেদ সিদ্দিকীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারের অর্থায়নের ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় দেড় লাখ কোটি টাকা ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো থেকে অর্থ সংগ্রহ করছে। এসব ঋণপত্রের সুদহার আগে ১২ থেকে সাড়ে ১২ শতাংশ থাকলেও পরে তা কমে প্রায় ৯ শতাংশ হয়েছে।
তাঁর মতে, সরকারি ঋণপত্রে বিনিয়োগ তুলনামূলক নিরাপদ হওয়ায় ব্যাংকগুলো এ খাতে অর্থ বিনিয়োগ করছে। তবে এতে মুনাফা বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ছে না।
খেলাপি ঋণ ও আস্থার সংকটে দুর্বল ব্যাংক
ব্যাংকগুলোর আর্থিক অবস্থার পার্থক্যের অন্যতম কারণ হিসেবে খেলাপি ঋণকে চিহ্নিত করেছেন ফারুক আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, কয়েকটি ব্যাংকে খেলাপি ঋণের হার ৩০ থেকে ৪০ শতাংশ। কোনো কোনো ব্যাংকে এই হার ৭০ থেকে ৮০ শতাংশও ছাড়িয়েছে।
খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতি দুর্বল হয়েছে। একই সঙ্গে আমানতকারীদের আস্থাও কমেছে। ফলে অনেক গ্রাহক দুর্বল ব্যাংক থেকে টাকা সরিয়ে তুলনামূলক ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলোতে জমা করছেন।
এতে দুর্বল ব্যাংকগুলো নতুন আমানত সংগ্রহে সমস্যায় পড়ছে। অন্যদিকে যেসব ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা রয়েছে, সেগুলো আরও বেশি আমানত পাচ্ছে।
ফারুক আহমেদ সিদ্দিকীর মতে, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো। এসব ব্যাংকের কয়েকটিতে খেলাপি ঋণের হার ৩ থেকে ৪ শতাংশের মধ্যে রয়েছে।
ব্যাংকে অলস অর্থ, নতুন বিনিয়োগে গতি নেই
দেশের ব্যাংক খাতে একদিকে কিছু প্রতিষ্ঠান তারল্যসংকটে রয়েছে, অন্যদিকে কয়েকটি ব্যাংকের হাতে বিপুল পরিমাণ অব্যবহৃত অর্থ রয়েছে।
ফারুক আহমেদ সিদ্দিকীর হিসাবে, ব্যাংকগুলোতে প্রায় চার লাখ কোটি টাকার মতো অলস অর্থ রয়েছে। বেসরকারি খাতে ঋণের চাহিদা কম থাকায় এই অর্থ কার্যকরভাবে বিনিয়োগ করা যাচ্ছে না।
তিনি বলেন, আগে অনেক ব্যাংক মেয়াদি আমানতের বিপরীতে ৯ থেকে ১১ শতাংশ পর্যন্ত সুদ দিত। এখন বেশ কিছু ব্যাংক ৭ থেকে সাড়ে ৭ শতাংশের বেশি সুদ দিতে আগ্রহী নয়। কারণ তাদের হাতে অর্থ থাকলেও ঋণ বিতরণের সুযোগ সীমিত।
তাঁর মতে, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও স্থবিরতা রয়েছে। নতুন বিনিয়োগ কম হওয়ায় শিল্পকারখানার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
শুধু মুনাফা নয়, অর্থনীতিতে অবদানও দেখতে হবে
ব্যাংক খাতের প্রকৃত সাফল্য মূল্যায়নে শুধু মুনাফার হিসাব যথেষ্ট নয় বলে মনে করেন মোহাম্মদ মুসলিম চৌধুরী।
তাঁর মতে, ব্যাংকগুলো কতটা সঞ্চয় সংগ্রহ করছে, উৎপাদনশীল খাতে কতটা ঋণ দিচ্ছে এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কী ভূমিকা রাখছে, সেসব বিষয়ও গুরুত্ব দিয়ে দেখতে হবে।
উৎপাদনশীল খাতে অর্থায়ন না বাড়লে নতুন শিল্পকারখানা গড়ে ওঠা কঠিন হবে। একই সঙ্গে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের সম্প্রসারণও বাধাগ্রস্ত হতে পারে।
ফারুক আহমেদ সিদ্দিকীও মনে করেন, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি ছাড়া ব্যাংক খাতের সামগ্রিক অবস্থার টেকসই উন্নতি সম্ভব নয়। কারণ ব্যাংক খাতের কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে ব্যবসা সম্প্রসারণ, বেসরকারি খাতে ঋণ বিতরণ এবং নতুন বিনিয়োগের ওপর।
ফলে কয়েকটি ব্যাংকের বড় মুনাফার পাশাপাশি অন্য ব্যাংকগুলোর বিপুল লোকসান দেশের ব্যাংক খাতের অসম আর্থিক পরিস্থিতিই তুলে ধরছে।

