Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
    ব্যাংক

    স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রযুক্তিনির্ভর নতুন ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার নতুন নীতিমালা চালু করেছে সরকার। এ নীতিমালার আওতায় উদ্যোক্তারা তাঁদের ব্যবসার পর্যায় ও অগ্রগতির ভিত্তিতে ১ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত সরকারি সহায়তা পাবেন।

    ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পর্কিত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালনা নীতিমালা, ২০২৬’ শীর্ষক নীতিমালাটি গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে গেজেট আকারে প্রকাশ করা হয়। এর মাধ্যমে একটি নতুন ধারণার বিকাশ থেকে শুরু করে পণ্যের নমুনা তৈরি এবং বিনিয়োগের উপযোগী ব্যবসা গড়ে তোলা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।

    নীতিমালার আওতায় বাংলাদেশের নাগরিকদের নেতৃত্বাধীন স্টার্টআপ দল আবেদন করতে পারবে। প্রবাসী বাংলাদেশিরাও এ সুযোগের আওতায় থাকবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবক ও প্রাথমিক পর্যায়ের উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হবে।

    তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা, আর্থিক প্রযুক্তি, জলবায়ু প্রযুক্তি, উৎপাদনশিল্প, জীবপ্রযুক্তি, জ্বালানি, পরিবহন, ডিজিটাল অবকাঠামো এবং সৃজনশীল অর্থনীতির মতো খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

    তবে অনুদান পেতে প্রতিষ্ঠানটিকে নতুন নিবন্ধিত বাংলাদেশি উদ্যোগ হতে হবে। প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর হওয়ার পাশাপাশি ব্যবসাটির সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা থাকতে হবে। আগে থেকে প্রতিষ্ঠিত কোনো ব্যবসাকে ভেঙে বা পুনর্গঠন করে তৈরি উদ্যোগ এ সুবিধা পাবে না।

    ছয় ধাপে মিলবে অনুদান

    নতুন নীতিমালায় অর্থায়নের জন্য ছয়টি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো প্রাথমিক ধারণা, পণ্যের নমুনা তৈরি, প্রাথমিক বিনিয়োগ, বীজ বিনিয়োগ, বিনিয়োগের প্রস্তুতিমূলক সহায়তা এবং বিশেষ উদ্ভাবনী অনুদান।

    প্রাথমিক ধারণা পর্যায়ে ১ লাখ থেকে ৩ লাখ টাকা এবং পণ্যের নমুনা বা প্রাথমিক ব্যবহারযোগ্য সংস্করণ তৈরির জন্য ৩ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। পরবর্তী বিনিয়োগ প্রস্তুতির পর্যায়ে ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা পাওয়ার সুযোগ থাকবে। তবে ব্যক্তিগত উদ্যোক্তারা পণ্যের নমুনা বা প্রাথমিক সংস্করণ তৈরির জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা পাবেন। বিশেষ ক্ষেত্রে অনুদানের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

    ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব অনুমোদন করবেন। আর ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের জন্য মন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে।

    কাজের অগ্রগতির ভিত্তিতে অর্থ ছাড়

    এই অনুদান একবারে দেওয়া হবে না। নির্ধারিত লক্ষ্য ও কাজের অগ্রগতির ভিত্তিতে কয়েকটি ধাপে অর্থ ছাড় করা হবে। যেমন, পণ্যের নমুনা তৈরি, বাজারে চাহিদা যাচাই কিংবা আয়সংক্রান্ত নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারলে পরবর্তী কিস্তির অর্থ পাওয়া যাবে।

    অনুদানের অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন, সরেজমিন পরিদর্শন, আর্থিক নিরীক্ষা এবং স্বাধীন যাচাইয়ের ব্যবস্থা থাকবে। আবেদনে ভুল তথ্য দেওয়া, অর্থের অপব্যবহার কিংবা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে অনুদান বাতিল হতে পারে। তবে এ ধরনের সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট উদ্যোক্তাকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।

    আবেদনগুলো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের নিয়োগ করা বিশেষজ্ঞ কমিটি যাচাই করবে। উদ্ভাবনী সক্ষমতা, প্রযুক্তিগত বাস্তবতা, বাজারের সম্ভাবনা, ব্যবসা সম্প্রসারণের সুযোগ এবং উদ্যোক্তা দলের দক্ষতা বিবেচনায় নম্বর দেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচিত উদ্যোক্তাদের নিজেদের পরিকল্পনা উপস্থাপন করতে হবে। সব মূল্যায়নের সম্মিলিত ফলের ভিত্তিতে চূড়ান্ত অনুদানপ্রাপ্তদের নির্বাচন করা হবে।

    অর্থের পাশাপাশি থাকবে পরামর্শ ও প্রশিক্ষণ

    উদ্যোক্তাদের শুধু অর্থায়ন নয়, ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণেও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য অভিজ্ঞ উদ্যোক্তা, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক, প্রযুক্তিবিদ এবং বিনিয়োগ বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক দল গঠন করা হবে।

    পাশাপাশি নতুন উদ্যোগগুলোর পণ্য উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করা হবে। ব্যবসার মূল্যায়ন, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ প্রস্তাবনা তৈরি, প্রাতিষ্ঠানিক সুশাসন, বিনিয়োগ যাচাই এবং বিনিয়োগসংক্রান্ত আলোচনার বিষয়েও সহায়তা দেওয়া হবে।

    আবেদন, নিবন্ধন, যাচাই-বাছাই, অনুদান ব্যবস্থাপনা, অগ্রগতি পর্যবেক্ষণ, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং অভিযোগ নিষ্পত্তির জন্য জাতীয় স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও রয়েছে।

    তবে নীতিমালার গেজেটে আবেদনের নির্দিষ্ট সময়সীমা কিংবা অনলাইন আবেদন পোর্টালের বিস্তারিত উল্লেখ করা হয়নি। আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করা হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে। আবেদনের সময় পরিচয় ও নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র, ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক বিবরণী, বিনিয়োগ প্রস্তাবনা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য জমা দিতে হবে।

    বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ

    বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সীমিত। বিশেষ করে ব্যবসার প্রাথমিক পর্যায়ে একটি ধারণাকে কার্যকর পণ্যে রূপ দেওয়া এবং বেসরকারি বিনিয়োগ পাওয়া কঠিন হয়ে পড়ে। নতুন নীতিমালাটি এ সংকট কাটাতে সহায়ক হতে পারে।

    ট্রাক লাগবে নামের প্রযুক্তিনির্ভর সরবরাহসেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনায়েত রশীদ নীতিমালাটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখেছেন। তাঁর মতে, এটি উদ্ভাবকদের একটি ধারণা থেকে বিনিয়োগযোগ্য ব্যবসায় পৌঁছানোর পথ তৈরি করবে।

    তবে অনুদানের পরিমাণ তুলনামূলক কম, অর্থ ছাড়ের সময়সীমা নির্দিষ্ট নয় এবং সৎভাবে চেষ্টা করার পর কোনো উদ্যোগ ব্যর্থ হলে সেটিকে যেন অর্থের অপব্যবহার হিসেবে বিবেচনা করা না হয়, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।

    তাঁর ভাষায়, উদ্যোগটি সত্যিই ভালো, তবে এর সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর।

    নীতিমালার সুফল নিশ্চিত করতে স্বচ্ছভাবে উদ্যোক্তা নির্বাচন, দ্রুত অর্থ ছাড়, সহজ আবেদনপ্রক্রিয়া এবং কার্যকর তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব বিষয় নিশ্চিত করা গেলে নতুন অনুদান কর্মসূচি দেশের প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় ধাক্কা, এক মাসেই কমেছে ৯৩ শতাংশ

    নভেম্বর 17, 2026
    বাণিজ্য

    অস্ট্রেলিয়ার বাজার ধরতে মেলবোর্নের বাণিজ্য মেলায় ১৪ বাংলাদেশি প্রতিষ্ঠান

    নভেম্বর 17, 2026
    বাণিজ্য

    ব্যবসা সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চায় সরকার

    নভেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.