বিদেশি সরবরাহকারীদের কাছে আমদানি পণ্যের মূল্য পরিশোধের সময় এর সঙ্গে যুক্ত গন্তব্যসংক্রান্ত মাশুলও পাঠানো হলে সেই অর্থ এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এ অর্থ ফেরত আনতে হবে।
গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ডেলিভার্ড অ্যাট প্লেস (ডিএপি), ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড (ডিপিইউ) এবং ডেলিভার্ড ডিউটি পেইড (ডিডিপি)-এর মতো বাণিজ্যিক শর্তে আমদানির ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানি কার্যক্রম শুরু করার আগেই অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে আমদানি চুক্তিতে পণ্যের জাহাজে তোলার মূল্য, পরিবহন ব্যয়, বিমা খরচ এবং গন্তব্যসংক্রান্ত মাশুল আলাদাভাবে উল্লেখ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
নতুন নিয়মে আমদানিকারকেরা চাইলে গন্তব্যসংক্রান্ত মাশুল বাদ দিয়ে বাকি আমদানি মূল্য বিদেশি সরবরাহকারীকে পরিশোধ করতে পারবেন। সে ক্ষেত্রে যথাযথ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে বাংলাদেশে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান বা নির্ধারিত সুবিধাভোগীকে ওই মাশুল পরিশোধ করা যাবে।
তবে আমদানির পুরো অর্থ বিদেশি সরবরাহকারীকে পাঠানো হলে গন্তব্যসংক্রান্ত মাশুলের সমপরিমাণ অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ফেরত আনতে হবে।
এ অর্থ ফেরত আনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান ব্যয় করার আগেই অথবা আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে—এ দুটি সময়ের মধ্যে যেটি আগে আসে, সেই অনুযায়ী।
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত আসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফেরত আসা অর্থ সংশ্লিষ্ট আমদানি লেনদেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে।
এ ছাড়া ব্যাংকিং চ্যানেলের বাইরে গন্তব্যসংক্রান্ত মাশুল পরিশোধের বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা মনে করছেন, নতুন নির্দেশনার ফলে আমদানির প্রকৃত ব্যয় এবং গন্তব্যসংক্রান্ত মাশুলের হিসাব আরও স্বচ্ছ হবে। একই সঙ্গে এসব অর্থ বিদেশে আটকে রাখা কিংবা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে লেনদেনের সুযোগ কমবে।

