কেন্দ্রীয় ব্যাংক গত এক বছরে একের পর এক নীতিগত সুবিধা দিলেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি থামেনি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়। জুনে এ অঙ্ক ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, অর্থাৎ তিন মাসে বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। খেলাপির হার জুনের ৩২.৭৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৩.৮০ শতাংশ। সেপ্টেম্বর শেষে ব্যাংকখাতে বিতরণ করা ঋণ ছিল প্রায় ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা, সেই হিসাবে ব্যাংকের প্রতি ১০০ টাকা ঋণের ৩৪ টাকাই এখন খেলাপি।

খাতওয়ারি হিসাবে টাকার অঙ্কে সবচেয়ে বেশি খেলাপি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে, প্রায় ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা। তবে শতাংশের বিচারে শীর্ষে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক। এগুলোর খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, হার ৪৬.৫৯ শতাংশ, অর্থাৎ প্রতি ১০০ টাকায় প্রায় ৪৭ টাকা খেলাপি। বিশেষায়িত ব্যাংকে খেলাপি ঋণ ১৮ হাজার ৩০৩ কোটি এবং বিদেশি ব্যাংকে ৩ হাজার ৯১৫ কোটি টাকা।
ব্যাংকাররা বলছেন, একসময় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে খেলাপি ঋণ সবচেয়ে বেশি থাকলেও গত দুই দশকে পরিস্থিতি অনেকটা পাল্টেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি বেসরকারি ব্যাংকে লাগামহীন ঋণ অনিয়ম ও লুটপাট এর বড় কারণ। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সিকদার পরিবারের ন্যাশনাল ব্যাংক এবং নজরুল ইসলাম মজুমদারের এক্সিম ব্যাংকের ঋণের বড় অংশই এখন খেলাপি। এর মধ্যে পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।
ব্যাংকখাত-সংশ্লিষ্টরা বলছেন, একীভূত হওয়া ব্যাংকগুলোর পাশাপাশি আরও কয়েকটি সমস্যাগ্রস্ত ব্যাংকের বিপুল খেলাপি ঋণের কারণে সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে না, কারণ এসব ঋণের বড় অংশ এখন কোনোভাবেই আদায় করা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের প্রায় ৯৩ শতাংশই মন্দ বা ক্ষতিজনক শ্রেণিতে, যেগুলো আদায়ের সম্ভাবনা কম। ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ১০-১৫টি ব্যাংকের খেলাপি ঋণ কমানো না গেলে এবং অর্থনীতিতে গতি না ফিরলে সার্বিকভাবে খেলাপি ঋণ কমানো খুবই চ্যালেঞ্জিং। তাই অনিয়মের ঋণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি মনে করেন।
অর্থনীতিবিদরা সতর্ক করছেন, জবাবদিহি নিশ্চিত না করে বারবার ছাড় দিলে সংকট আরও গভীর হবে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দিকে নজর নেই। আদালতের স্থগিতাদেশ থাকলেও খেলাপিরা নতুন ঋণ পেতে পারেন, এমন একটি সাম্প্রতিক সার্কুলারকে তিনি ব্যাংকিং শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলে মনে করেন। তার মতে, এতে সৎ ঋণগ্রহীতারা নিরুৎসাহিত হন এবং ব্যবসায়ীদের আর্থিক শৃঙ্খলা দুর্বল হয়। ব্যাংকের তহবিল খেলাপি ঋণে আটকে থাকলে প্রকৃত উদ্যোক্তারা ঋণ পাবেন না, যা বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে।
মাহবুবুর রহমান আরও বলেন, এক্সিট পলিসির কাঠামো ভালো এবং বৈশ্বিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সমস্যা হলো, সংকটাপন্ন সম্পদ কেনার ক্রেতা মিলছে না। আওয়ামী সরকারের পতনের পর বাজারে ক্রেতা প্রায় নেই; যাদের টাকা আছে, তাদেরও বড় বিনিয়োগের আস্থা নেই। আগে সরকার বাজারের পাশে আছে বলে বিনিয়োগকারীরা নিশ্চিন্ত থাকতেন, এখন সেই নিরাপত্তাবোধ নেই। অন্যদিকে ব্যাংকগুলোও যোগ্য ঋণগ্রহীতা খুঁজে পাচ্ছে না, কারণ ভালো গ্রাহকেরাও এখন নতুন ঋণ নিতে চাইছেন না।
এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক খেলাপি ঋণ বাড়ার দুটি কারণ চিহ্নিত করেন। প্রথমত, এক্সিট পলিসি ও ঋণ পুনর্গঠনের উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে না, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতা বা আগ্রহ কম। দ্বিতীয়ত, ব্যবসায় মন্দা ও চাহিদা কম থাকায় অনেক ব্যবসায়ী সময়মতো কিস্তি দিতে পারছেন না, ফলে নতুন খেলাপি তৈরি হচ্ছে। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা, উচ্চ সুদ, বিনিময় হারের চাপ, জ্বালানি সংকট ও ব্যয়বৃদ্ধি অনেক প্রতিষ্ঠানকে চাপে ফেলেছে। সমাধান হিসেবে তিনি ব্যাংকিং খাতে সুশাসন, প্রকৃত ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতি, যৌক্তিক পুনঃতফসিল এবং বিনিয়োগবান্ধব পরিবেশের কথা বলেন।
২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত জামানতযুক্ত ঋণ আংশিক অবলোপনের অনুমতি দেয়, যা আইএফআরএস ৯ অনুযায়ী আন্তর্জাতিকভাবে প্রচলিত। কেন্দ্রীয় ব্যাংক সূত্রের হিসাবে, পুরোপুরি বাস্তবায়ন হলে খেলাপি ঋণের হার ১৬ থেকে ১৯ শতাংশে নামতে পারত। কিন্তু খুব কম ব্যাংকই এ সুযোগ নিয়েছে। ব্যতিক্রম ব্যাংক এশিয়া, যারা প্রায় ১,৭০০ কোটি টাকা অবলোপন করেছে এবং আরও ৮০০ কোটি টাকা করার পরিকল্পনা রাখছে। ব্যাংকটির এমডি সোহেল আর কে হোসেন আশা করছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তাদের খেলাপি ঋণের হার প্রায় ৫ শতাংশে নামবে। প্রভিশন রাখতে গিয়ে মুনাফায় বড় ছাড় দিতে হয়েছে এবং পরিচালনা পর্ষদ তা সমর্থন করেছে বলে তিনি জানান।

