দীর্ঘদিনের অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের নিলামে বিক্রি করা জমির ৩৪ দশমিক ৫০ শতাংশ ছয় ক্রেতার নামে নিবন্ধন ও হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় থাকা মোট ৪১ শতাংশ জমির মধ্যে এই অংশের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে মামলা থাকায় বাকি ৬ দশমিক ৫০ শতাংশ জমির নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে কমিশনের মাধ্যমে জমি হস্তান্তর ও নিবন্ধনের কাজ শেষ হয়। সাতকানিয়া উপজেলার সাবরেজিস্ট্রার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ জানুয়ারি উন্মুক্ত নিলামের মাধ্যমে জমিগুলো বিক্রি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নিয়োগ করা একজন যুগ্ম জেলা ও দায়রা জজ নিলাম পরিচালনা করেন এবং সর্বোচ্চ দরদাতারা জমি কেনেন।
নিলামের পর জমির ৬ দশমিক ৫০ শতাংশ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। ওই অংশের দখল নিয়ে একজন ব্যক্তি মামলা করায় পুরো জমি ক্রেতাদের নামে নিবন্ধন করা সম্ভব হয়নি। পরে নিলামে জমি কেনা ব্যক্তিদের নামে নিবন্ধন সম্পন্ন করতে হাইকোর্টের অনুমতি চায় বাংলাদেশ ব্যাংক। গত ৭ সেপ্টেম্বর দেওয়া এক আদেশে হাইকোর্ট জমি নিবন্ধনের নির্দেশনা দেন। ওই আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়া যায় ২২ সেপ্টেম্বর। আদালতের নির্দেশনার ভিত্তিতেই ছয় ক্রেতার নামে জমির বাকি ৩৪ দশমিক ৫০ শতাংশ নিবন্ধন সম্পন্ন হয়েছে।
১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্টের এক আদেশে বাংলাদেশ ব্যাংককে ১৭টি অবলুপ্ত ব্যাংকের সরকারি অবসায়ক বা অফিসিয়াল লিকুইডেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ৪ আগস্ট আদালতের নির্দেশনায় এসব ব্যাংকের জমি বিক্রি, তহবিল ব্যবস্থাপনা ও অবসায়নসংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংককে। বাংলাদেশ ব্যাংকের এই দায়িত্বের অংশ হিসেবেই মহালক্ষ্মী ব্যাংকের সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের কাজ চলছে। তবে ব্যাংকটির অবসায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল আরও আগে, ১৯৫৯ সালে।

