২০২৬ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পূরণে ডিসেম্বরজুড়ে নতুন ঋণগ্রহীতা খোঁজা ও ঋণ বিতরণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ লক্ষ্যে ডিসেম্বর মাসকে ‘লোন হান্টিং মাস’ হিসেবে ঘোষণা করেছে ব্যাংকটি।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সোনালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকটি জানিয়েছে, ডিসেম্বর মাসজুড়ে ঋণ বিতরণের সম্ভাবনাময় খাত চিহ্নিত করা, নতুন ঋণগ্রহীতা অনুসন্ধান এবং মানসম্মত ঋণ প্রস্তাব তৈরি ও অনুমোদনের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে নতুন গ্রাহক যুক্ত করার পাশাপাশি ব্যাংকের ঋণ কার্যক্রম আরও গতিশীল করতে চায় প্রতিষ্ঠানটি।

