বাংলাদেশে অর্থবছরের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়সীমা অনুসরণ করা হবে।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৭তম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন সময়সূচি কার্যকর করার আগে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের একটি অন্তর্বর্তী অর্থবছর হিসেবে ধরা হবে। অর্থাৎ ওই অর্থবছর জুলাই মাসে শুরু হয়ে পরবর্তী বছরের মার্চে শেষ হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অর্থবছরের সময় পরিবর্তনের অন্যতম কারণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে শেষ করা। বর্তমানে জুলাই-আগস্টে বর্ষাকাল চলাকালীনও বিভিন্ন উন্নয়নকাজ চালু থাকে। এতে বৃষ্টির কারণে কাজের গতি কমে যায়, নির্মাণকাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।
সরকারের মতে, এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরু হওয়ার আগেই অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বড় অংশের কাজ শেষ করার সুযোগ তৈরি হবে।
এদিকে মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
এ ছাড়া ‘সীসামুক্ত বাংলাদেশ (২০২৬-২০৩৫) জাতীয় কৌশল ও বহুবর্ষী কর্মপরিকল্পনা’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিসভা কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার একটি প্রস্তাবও অনুমোদন করেছে।

