কোম্পানি গঠন ও নিবন্ধনের প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)। নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হবে। এ ব্যবস্থায় নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করলে কিছু কোম্পানি তাৎক্ষণিক নিবন্ধন পাবে। পাশাপাশি নামের ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াও দ্রুত হবে।
নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য আজ সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত আরজেএসসির পুরোনো ই-সেবা ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে নামের ছাড়পত্র ও কোম্পানি নিবন্ধনের নতুন আবেদন জমা দেওয়া যাবে না। ১২ নভেম্বর থেকে এসব আবেদন নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে।
নতুন ব্যবস্থায় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র, ই-টিআইএন ও মোবাইল নম্বর যাচাই করা হবে। কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও শেয়ারহোল্ডারদের ই-মেইল বা মোবাইল ফোনে পাঠানো এককালীন পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে সম্মতিও নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও সম্মতি যাচাই শেষ না হলে আবেদন পরবর্তী ধাপে যাবে না।
তবে নতুন ব্যবস্থা চালুর সঙ্গে সঙ্গেই সব আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না। প্রাথমিক পর্যায়ে কোম্পানির প্রস্তাবিত নাম সফটওয়্যারের মাধ্যমে যাচাইয়ের পর আরজেএসসির কর্মকর্তারা তা পর্যালোচনা করবেন। এ প্রক্রিয়ায় ২৪ ঘণ্টার মধ্যে নামের ছাড়পত্র দেওয়ার লক্ষ্য রয়েছে। অন্যদিকে, আরজেএসসির নির্ধারিত নমুনা সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই এবং সম্মতি সম্পন্ন করে আবেদন করলে কোম্পানি তাৎক্ষণিক নিবন্ধন পেতে পারে। তবে নিজস্বভাবে তৈরি সংঘস্মারক ও সংঘবিধি জমা দিলে তা কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করা হবে।
নিবন্ধন অনুমোদিত হলে ডিজিটাল স্বাক্ষরযুক্ত সনদ ও সংশ্লিষ্ট নথি আবেদনকারীর ই-মেইলে পাঠানো হবে। আরজেএসসির কর্মকর্তাদের মতে, নতুন ব্যবস্থার লক্ষ্য উদ্যোক্তাদের দপ্তরে গিয়ে কাজ করার প্রয়োজন কমানো এবং নিবন্ধন প্রক্রিয়ায় সময় ও প্রশাসনিক জটিলতা হ্রাস করা। তবে পুরো প্রক্রিয়া শতভাগ স্বয়ংক্রিয় করতে পর্যায়ক্রমে আরও প্রযুক্তিগত সুবিধা যুক্ত করা হবে।

