কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীকে দেশের অন্যতম বৃহৎ শিল্প, জ্বালানি ও বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরের মহাপরিকল্পনা নিয়েছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)। আগামী ৩০ বছরে এ অঞ্চলে ৬০ থেকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিন ধাপে বাস্তবায়নযোগ্য এ পরিকল্পনার মেয়াদ শেষ হবে ২০৫৬ সালে।
মহাপরিকল্পনা অনুযায়ী, মোট বিনিয়োগের অন্তত ৫ বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) থেকে আসবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেড় লাখ মানুষের সরাসরি এবং আরও ২৫ লাখ মানুষের পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
এ ছাড়া দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ১৫০ বিলিয়ন ডলারের অবদান, পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থার ব্যয় ৪ বিলিয়ন ডলার কমানো এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার সাশ্রয়ের সম্ভাবনা তুলে ধরা হয়েছে পরিকল্পনায়।
গত ৪ নভেম্বর পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাইদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে মিডার প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়।
মিডার সদস্য ও অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজি অ্যান্ড কোম্পানির পরিচালিত জরিপের ভিত্তিতে মহেশখালী-মাতারবাড়ীর সমন্বিত উন্নয়ন মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে।
তিন ধাপে বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা
পরিকল্পনার প্রথম ধাপে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে জ্বালানি ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এ সময় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ ইউনিট, সৌরবিদ্যুৎকেন্দ্র, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
প্রথম পর্যায়ের স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে।
দ্বিতীয় ধাপে অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, আবাসিক নগরী, সড়ক, বাঁধ, ইউটিলিটি সুবিধা ও বহুমুখী পরিবহনব্যবস্থা গড়ে তোলা হবে। এ পর্যায়ে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এলপিজি প্ল্যান্ট এবং লজিস্টিকস পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
চূড়ান্ত ধাপে ২০৪৩ থেকে ২০৫৬ সালের মধ্যে মহেশখালী-মাতারবাড়ীকে আন্তর্জাতিক মানের শিল্প, বাণিজ্য ও পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে। এ সময় উৎপাদনশিল্প সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন অবকাঠামো, সম্মেলনকেন্দ্র ও প্রদর্শনী সুবিধা গড়ে তোলা হবে।
১০ বিলিয়ন ডলারে তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স
মহাপরিকল্পনার সবচেয়ে বড় একক প্রকল্পগুলোর একটি হলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তাবিত তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স।
প্রায় ১ হাজার ২০০ একর জমিতে নির্মাণের পরিকল্পনা করা এই প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব রয়েছে। কমপ্লেক্সটিতে প্রতিদিন দেড় লাখ থেকে দুই লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা থাকবে।
২০৩১ থেকে ২০৩৬ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে পেট্রোকেমিক্যাল উৎপাদন ইউনিট ও সমুদ্রভিত্তিক প্রয়োজনীয় অবকাঠামো যুক্ত থাকবে।
এ ছাড়া রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির মাধ্যমে ১৫৬ একর জমিতে ২ বিলিয়ন ডলার ব্যয়ে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর প্রাথমিক গ্যাস পুনঃরূপান্তর সক্ষমতা হবে দৈনিক ১০০ কোটি ঘনফুট।
অন্যদিকে পেট্রোবাংলার উদ্যোগে দৈনিক ৬০ কোটি ঘনফুট সক্ষমতার তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির নির্মাণকাজ ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
বিপিসি আরও ১৫ কোটি ডলার ব্যয়ে একটি এলপিজি প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করেছে। ৫১ একর জমিতে প্রস্তাবিত এই স্থাপনায় এক হাজার টন এলপিজি সংরক্ষণের সক্ষমতা এবং বছরে ২০ লাখ টন এলপিজি হ্যান্ডলিংয়ের ব্যবস্থা থাকবে।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছাড়াবে ৬ হাজার মেগাওয়াট
মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্য রয়েছে মহাপরিকল্পনায়।
মাতারবাড়ীতে প্রথম দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ ইউনিটের সম্মিলিত সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ৪৮ হাজার ৯১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউনিট দুটি ২০২৫ সাল থেকে চালু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর পাশাপাশি আরও ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার তৃতীয় ও চতুর্থ ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫ হাজার ৪২ কোটি টাকা এবং বাস্তবায়নের সময়সীমা ২০২৬ থেকে ২০৩৪ সাল।
এ ছাড়া ৭১৯ কোটি টাকা ব্যয়ে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্য রয়েছে ২০২৯ সালের মধ্যে।
মিডার পরিকল্পনা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে এ অঞ্চলের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৬৬০ মেগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে ৬ হাজার ৬০ মেগাওয়াটে উন্নীত হতে পারে।
এসপিএম চালু হলে বছরে সাশ্রয় ৮০০ কোটি টাকা
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় হয়েছে ৮ হাজার ২১৬ কোটি টাকা।
বর্তমানে জাহাজ থেকে তেল খালাসে প্রায় নয় দিন সময় লাগে। এসপিএম ব্যবস্থা চালু হলে তা কমে তিন দিনে নামতে পারে। অর্থাৎ তেল খালাসের সময় প্রায় ৬৭ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।
এতে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এসপিএম চালুর লক্ষ্য নির্ধারণ করেছে মিডা।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বদলে দিতে পারে বাণিজ্যব্যবস্থা
মহাপরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।
পরিকল্পনা অনুযায়ী, বন্দরে সাড়ে ১৪ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। সর্বোচ্চ ৩৩৮ মিটার দীর্ঘ এবং ৮ হাজার টিইইউ ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজ পরিচালনার সুবিধা থাকবে।
চট্টগ্রাম ও মোংলা বন্দরের তুলনায় বড় জাহাজ পরিচালনায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বিশেষ সুবিধা দিতে পারে। এখানে বড় জাহাজ ভেড়ানোর জন্য অনুকূল জোয়ারের অপেক্ষা করতে হবে না বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
প্রথম পর্যায়ে ব্রেকওয়াটার, নৌপ্রবেশপথ, বন্দর অববাহিকা, কনটেইনার ও বহুমুখী টার্মিনাল এবং সংযোগ সড়ক নির্মাণের কাজ রয়েছে। এ পর্যায়ের সময়সীমা ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
পরবর্তী পর্যায়ে বন্দর সম্প্রসারণ, খননকাজ এবং এলএনজি ও এলপিজি টার্মিনাল উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ২০৪১ সালের মধ্যে কোহেলিয়া নদীর মোহনায় আরও একটি বাল্ক ও কনটেইনার টার্মিনাল এবং লজিস্টিকস পার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
বন্দরকে জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত করতে ২৭ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে সাড়ে ১৬ কিলোমিটার সড়ক এবং মোট সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের ১৪টি সেতু থাকবে। প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
ঢালঘাটায় অর্থনৈতিক অঞ্চল, বিদেশি বিনিয়োগে ড্রাই ডক
শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে মহেশখালীর ঢালঘাটায় ১ হাজার ২৪০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
প্রায় ১ হাজার ১৯৫ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে ইতিমধ্যে তিনটি প্রতিষ্ঠানকে প্রায় ৫৭০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
অর্থনৈতিক অঞ্চলে সড়ক, পানি সরবরাহ, গ্যাস সংযোগ, পয়োনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য পরিশোধনাগার ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে এর উন্নয়নকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে মহেশখালীতে আন্তর্জাতিক মানের একটি ড্রাই ডক নির্মাণের পরিকল্পনা করেছে মিডা। এতে প্রায় দেড় বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত ড্রাই ডকে জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের সুবিধা থাকবে। ফলে বিদেশে জাহাজ মেরামতের জন্য ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রার একটি অংশ সাশ্রয়ের সুযোগ তৈরি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগ কাঠামোয় এ প্রকল্পের জন্য সরকারের সরাসরি আর্থিক দায় থাকার কথা নয়।
বাস্তবায়নে জমি, অর্থায়ন ও খননকাজ বড় চ্যালেঞ্জ
বৃহৎ এ মহাপরিকল্পনা বাস্তবায়নে বেশ কয়েকটি চ্যালেঞ্জও চিহ্নিত করেছে মিডা।
বিশেষ করে তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় জমি সংগ্রহ, এলএনজি টার্মিনাল ও গ্যাস পরিবহনের অবকাঠামো নির্মাণ এবং গভীর সমুদ্রবন্দরের নৌপথ নিয়মিত খননের বিষয়গুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।
পাশাপাশি এলপিজি খালাসের জন্য বিদ্যমান কয়লা জেটি ব্যবহার, তেল জেটি রূপান্তর অথবা নতুন জেটি নির্মাণের বিকল্পগুলোও বিবেচনা করা হচ্ছে।
মিডার পরিকল্পনা অনুযায়ী, এসব প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে মহেশখালী-মাতারবাড়ী দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্প উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্য ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।
তবে ৬০ থেকে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং অর্থনৈতিক সুফলের হিসাব এখনো পরিকল্পনাভিত্তিক প্রাক্কলন। নির্ধারিত সময়ে অর্থায়ন, অবকাঠামো নির্মাণ ও প্রকল্প বাস্তবায়নের ওপর এসব লক্ষ্য অর্জন নির্ভর করবে।

