বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে। চুক্তির পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানো, জাহাজ নির্মাণে প্রযুক্তি হস্তান্তর এবং দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আমদানি সংক্রান্ত জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি চুক্তির খসড়া এবং সংশ্লিষ্ট প্রশ্নমালার বিষয়ে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থানও তুলে ধরেছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট দুই দেশ সিইপিএ নিয়ে মূল আলোচনার বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছায়। তবে তখন চুক্তির কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করা এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রক্রিয়া বাকি ছিল। দুই দেশের মধ্যে ২০২৪ সালের নভেম্বরে আলোচনা শুরু হওয়ার পর পাঁচ দফা আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পণ্য ও সেবা বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, বাজারে প্রবেশাধিকার এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে সহযোগিতা এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।
বৈঠকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রায় ২০০টি দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট পেতে দেরি এবং কাস্টমস সংক্রান্ত সমস্যার কথা জানান তিনি।
এসব সমস্যা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরীয় বিনিয়োগকারীদের নিয়ে একটি যৌথ সমন্বয় সভা আয়োজনের কথা জানান তিনি। ভিসা প্রক্রিয়া সহজ করা এবং আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম পুরোপুরি অনলাইন ও তাৎক্ষণিক করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
দুই দেশের সহযোগিতার আরেকটি সম্ভাবনাময় খাত হিসেবে জাহাজ নির্মাণশিল্প উঠে এসেছে বৈঠকে। এ খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে একটি বিশেষায়িত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলার প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। এতে স্থানীয় প্রকৌশলী ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী জাহাজ নির্মাণে সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।
প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়।

