রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কিছুটা কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে মাছ, মাংস ও ডিমের চড়া দাম এখনো তাঁদের চাপে রেখেছে। আজ সোমবার সকালে বনশ্রী, মেরাদিয়া, খিলগাঁও ও বাড্ডা এলাকার কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
সকাল আটটার দিকে মেরাদিয়া বাজারে কথা হয় ক্রেতা আমিনুল ইসলামের সঙ্গে। তিনি জানান, কয়েক দিন ধরে সবজির বাজার স্থিতিশীল আছে। দাম বাড়েনি, বরং কেজিপ্রতি অনেক কমেছে। এতে সবজি কিনতে এসে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে মাছ-মাংসের দাম কোনোভাবেই কমছে না বলে তাঁর অভিযোগ। তাঁর ভাষ্য, সাধারণ মানুষ একদিন মাছ-মাংস খেলে সপ্তাহের বাকি দিনগুলোতে আর কিনতে পারেন না।
আরেক ক্রেতা ফারজানা আক্তার বলেন, এখন সবজির বাজারে আগের মতো আগুন নেই, আগুন লেগেছে মাছ-মাংসে। সিম ও পটলের দাম যখন কেজিপ্রতি ১০০ টাকার ওপরে ছিল, তখন অনেকে ঠিকমতো সবজিই কিনতে পারেননি। এখন সবজি নাগালের মধ্যে এলেও মাছ-মাংসের দাম প্রতিদিন বাড়ছে বলে তিনি মনে করেন। তাঁর মতে, দিনমজুরেরা এক সপ্তাহের টাকা জমিয়ে পরের সপ্তাহে মাছ বা ব্রয়লার মুরগি কেনেন। পছন্দের খাবার দুই-এক দিন পরপর খাওয়া তাঁদের পক্ষে সম্ভব হয় না। এই চাপ শুধু দিনমজুরদের নয়, অনেক চাকরিজীবীও একই অবস্থার মুখোমুখি।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়, পটল ৫০ টাকায়, বেগুন ৬০ থেকে ১০০ টাকায় এবং সিম ৬০ থেকে ৮০ টাকায়। ভেন্ডি ৫০, টমেটো ১৫০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে মিলছে। কাঁচা মরিচ দেশি ১৪০ ও হাইব্রিড ১০০ টাকা কেজি।
প্রতিটি ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলার হালি ৪০ টাকা। শাকের মধ্যে লালশাক আঁটিপ্রতি ১৫, কলমিশাক ২০ ও পুঁইশাক ৩০ টাকা। ডিমের ডজন লাল ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ১২০ টাকা।
মাছের বাজারে রুই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৮০ থেকে ৪৮০ টাকায়। ছোট মলা, চিংড়িসহ অন্য মাছের দাম ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৯০, কক ৩৩০ এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি।
গত কয়েক দিনের তুলনায় অবশ্য সিম ও টমেটোর দাম কেজিতে ১০ টাকা করে বেড়ে যথাক্রমে ৮০ ও ১৫০ টাকা হয়েছে। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকায়।
ক্রেতা মনিরুল ইসলাম বলেন, সবজির এই দাম বজায় থাকা দরকার। না হলে মানুষকে প্রয়োজনের চেয়ে কম খেতে হবে। তাঁর মতে, ব্রয়লার মুরগির দাম ১৭০ থেকে ১৯০ টাকা হলেও তা আরও কমা উচিত। সাধারণ মানুষ ব্রয়লার কিংবা তেলাপিয়া ও পাঙ্গাস মাছ বেশি কেনেন, অথচ এসব মাছও এখন প্রায় ৩০০ টাকা কেজির কাছাকাছি।
মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার জানান, সবজির বাজার এখন নিম্নমুখী। শীত মৌসুমে এমনটাই হওয়ার কথা। তবে সিমের ঘাটতির কারণে এর দাম একটু একটু করে বাড়ছে। আরেক বিক্রেতা আব্দুল হামিদ বলেন, বর্তমান দামে আগের চেয়ে বিক্রি ভালো হচ্ছে। এমন দাম থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই ভালো। তবে কাঁচামালের দাম কখন বাড়ে বা কমে, তা আগে থেকে বলা যায় না।
মাছ ব্যবসায়ী সালাম বলেন, মাছের বাজার এখনো চড়া এবং দাম বাড়ার দিকেই রয়েছে। তেলাপিয়া, পাঙ্গাস ও ছোট রুই বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজিতে। তাঁর ভাষ্য, কোনো মাছের দামই কমার দিকে নেই।
সব মিলিয়ে বাজারের চিত্র দুই ভাগে বিভক্ত। শীতের মৌসুমি সবজি আসায় সবজির দাম নিম্নআয়ের মানুষের নাগালে ফিরছে। কিন্তু প্রোটিনের প্রধান উৎস মাছ, মাংস ও ডিমের দাম এখনো সাধারণ মানুষের সামর্থ্যের ওপর চাপ ফেলছে। সবজির দাম কমলেও পুষ্টিকর খাবারের এই চড়া দাম অনেক পরিবারের খাদ্যতালিকা সংকুচিত করছে। সিম ও টমেটোর সামান্য দামবৃদ্ধি দেখাচ্ছে, সবজির বাজারও পুরোপুরি স্থিতিশীল নয়।

