বিটিআরসির চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন পরিসংখ্যানে এ পরিবর্তন দেখা গেছে। জুলাইয়ে মোট সংযোজিত হ্যান্ডসেটের ৩২ দশমিক ২১ শতাংশ ছিল স্মার্টফোন। আগস্টে তা বেড়ে ৩৩ দশমিক ৮৩ শতাংশে পৌঁছায়। সেপ্টেম্বরে এক মাসেই স্মার্টফোনের অংশ উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। বিপরীতে, জুনে ফিচার ফোনের অংশ ছিল ৬৯ দশমিক ২৯ শতাংশ, যা সেপ্টেম্বরে কমে হয়েছে ৫০ দশমিক ৯৬ শতাংশ। অর্থাৎ, ফিচার ফোন এখনো সামান্য এগিয়ে থাকলেও দুই ধরনের হ্যান্ডসেটের উৎপাদনের ব্যবধান অনেকটাই কমে এসেছে।
স্মার্টফোনের প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ার পেছনে কিস্তিতে কেনার সুযোগও ভূমিকা রাখছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ বলেন, কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা থাকায় আগের তুলনায় বেশি মানুষ এ ধরনের ফোন কিনতে আগ্রহী হচ্ছেন। স্মার্টফোনের ব্যবহার আরও বাড়াতে মোবাইল অপারেটরদের সমন্বিত অফার চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এদিকে দেশে ইন্টারনেট সংযোগ বাড়ার সঙ্গে মোবাইল ফোনের বাজারেও পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে মোট ইন্টারনেট সংযোগ ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে। অর্থাৎ, প্রথম নয় মাসে নতুন করে যুক্ত হয়েছে ৮৮ লাখ ২০ হাজার সংযোগ। এর মধ্যে মোবাইল ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮০ লাখ ৪০ হাজার। সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে। অন্যদিকে, আইএসপি ও পিএসটিএন সেবার মাধ্যমে ব্রডব্যান্ড সংযোগ বেড়ে হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার। তবে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সঙ্গে স্মার্টফোন উৎপাদন বাড়ার সরাসরি সম্পর্ক রয়েছে, এমন প্রমাণ এই পরিসংখ্যান থেকে পাওয়া যায় না।
নেটওয়ার্ক প্রযুক্তির হিসাবেও ৪জি হ্যান্ডসেটের উৎপাদনে কিছুটা গতি দেখা গেছে। সেপ্টেম্বরে দেশে ৭ লাখ ৯২ হাজার ৪জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। গত এপ্রিলের পর এক মাসে এটিই সর্বোচ্চ উৎপাদন। ওই মাসে ৪জি হ্যান্ডসেট সংযোজিত হয়েছিল ১০ লাখ ২ হাজার। সেপ্টেম্বরে উৎপাদন আগস্টের ৭ লাখ ৩৫ হাজার এবং জুলাইয়ের ৫ লাখ ৯৯ হাজার ইউনিটের চেয়েও বেশি ছিল।
তবে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেটের উৎপাদন বাড়লেও সামগ্রিক উৎপাদনে এখনো ২জি ফোনের অংশ বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৯৩ লাখ ১৬ হাজার ২জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। একই সময়ে ৪জি হ্যান্ডসেটের উৎপাদন ছিল ৫৩ লাখ ৯৮ হাজার এবং ৫জি হ্যান্ডসেটের ৩ লাখ ৭৪ হাজার। মাসভিত্তিক মোট উৎপাদনের হিসাবে এপ্রিলে সর্বোচ্চ ২৭ লাখ ৫ হাজার হ্যান্ডসেট সংযোজন হয়। আগস্টে উৎপাদন ছিল ২২ লাখ ৬৬ হাজার, জুলাইয়ে ১৮ লাখ ৩৩ হাজার এবং সেপ্টেম্বরে ১৬ লাখ ৪৫ হাজার।
সব মিলিয়ে সেপ্টেম্বরের চিত্রে স্থানীয়ভাবে সংযোজিত হ্যান্ডসেটের ধরনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তবে ফিচার ফোনের উৎপাদন এখনো মোট উৎপাদনের অর্ধেকের সামান্য বেশি। স্মার্টফোনের এই বাড়তি অংশ আগামী মাসগুলোতেও ধরে রাখা যায় কি না, তা বোঝা যাবে পরবর্তী সময়ের উৎপাদন পরিসংখ্যান থেকে।

