দেশের উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ বাড়তে পারে।
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ যোগ্যতার কথা জানিয়েছে সংস্থাটি। ডিএফসি বলছে, বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করতে তাদের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংস্থাটির মতে, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগের আওতায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। এসব বিনিয়োগ আঞ্চলিক অংশীদারত্ব জোরদার এবং সার্বভৌমত্ব সুরক্ষায়ও ভূমিকা রাখে।
ডিএফসি আরও জানিয়েছে, তাদের অর্থায়ন ও ঝুঁকি মোকাবিলার বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের ঘাটতি কমানো সম্ভব হবে। বিশেষ করে যেসব প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা বা বিনিয়োগ ঝুঁকির কারণে বাস্তবায়নে বাধার মুখে পড়ে, সেগুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
সংস্থাটির প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়বে। পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলোতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হবে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এ যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। এ প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মতে, ডিএফসির অর্থায়ন এ লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হতে পারে এবং উভয় দেশের সমৃদ্ধি বাড়াতে অবদান রাখবে।

