Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়াতে ২,৭৬৯ কোটি টাকায় ৩০ নতুন লোকোমোটিভ
    বাণিজ্য

    পণ্য পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়াতে ২,৭৬৯ কোটি টাকায় ৩০ নতুন লোকোমোটিভ

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পণ্য পরিবহনে রেলওয়ের অংশীদারত্ব বাড়াতে এবং পুরোনো ইঞ্জিনের সংকট কাটাতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক এই প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ। গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। নতুন ইঞ্জিন যুক্ত হলে যাত্রী ও পণ্য, দুই ক্ষেত্রেই রেলের সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    প্রকল্পের মূল লক্ষ্য মিটারগেজ রুটে ইঞ্জিনের সংকট দূর করা, পুরোনো ইঞ্জিন প্রতিস্থাপন এবং সার্বিক পরিবহন সক্ষমতা বাড়ানো। বিশেষ করে গুরুত্বপূর্ণ মিটারগেজ রুটে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন চালানোর সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

    প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ হিসেবে দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থ আসবে এই ঋণ থেকে। বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ সাড়ে তিন বছর।

    প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক দাম প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন কেনা হবে, তা এখনো ঠিক হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী নির্বাচন করা হবে। ইঞ্জিনের পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম, বিশেষায়িত টুলস ও কারিগরি সহায়তাও কেনা হবে। রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার ও রক্ষণাবেক্ষণকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে।

    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি। তাঁর ভাষ্য, অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন চালাতে হচ্ছে। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে এ সংকট অনেকটা কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া যাবে।

    রেলওয়ের তথ্য অনুযায়ী, সংস্থাটির বহরে বর্তমানে ২৯২টি লোকোমোটিভ আছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। রেলের যান্ত্রিক বিধিমালায় একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ ব্যবহৃত ১১৫টি মিটারগেজ ইঞ্জিনের আয়ুষ্কাল ইতিমধ্যে পেরিয়ে গেছে। এর মধ্যে ৬২টির বয়স ৪০ বছরের বেশি। ফলে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমেছে। পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ বাজারে পাওয়া যায় না বলে বিকল্প উপায়ে সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কোনো ইঞ্জিন বিকল হলে মেরামত করে চালু করতে দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতাও সীমিত হয়ে পড়ে।

    নতুন ইঞ্জিন এলে তুলনামূলক নির্ভরযোগ্য ইঞ্জিনে ট্রেন চালানো সম্ভব হবে। এতে সময়সূচি ঠিক রাখা, অতিরিক্ত ট্রেন চালানো এবং বিদ্যমান রেলপথের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

    রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, সরকার রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলের অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়তে রেলের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

    দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে রেলের অংশগ্রহণ এখনো খুবই সীমিত। মোট পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ হয় রেলপথে। অথচ কম খরচে দীর্ঘ দূরত্বে বিপুল পণ্য পরিবহন এবং সড়কের চাপ কমানোর বড় সম্ভাবনা রেলের আছে। রেলওয়ের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা ছিল ৫৩ লাখ ৩৩ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে কমে দাঁড়ায় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে। অর্থাৎ তিন বছরে পণ্য পরিবহন উল্লেখযোগ্যভাবে কমেছে।

    রেলপথে সাধারণত চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল ও কনটেইনার পরিবহন করা হয়। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি পণ্য পাঠাতে এবং শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    তবে শুধু ইঞ্জিন কিনলেই রেলের পণ্য পরিবহন বাড়বে না। ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা, পর্যাপ্ত মালবাহী ট্রেন চালানোর সীমাবদ্ধতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত দুর্বলতার কারণে রেল এখনো সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারছে না। দ্রুত পণ্য পাঠাতে অনেক ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান তাই সড়কপথের ওপর নির্ভর করছে। এই বাস্তবতায় ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর সুবিধা সম্প্রসারণ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও কার্যকর করা জরুরি।

    এ লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী। তিনি জাতীয় সংসদে বলেছেন, ঢাকা-চট্টগ্রামসহ প্রধান বাণিজ্যিক করিডোরে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি মালবাহী ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নতুন ওয়াগন ও লোকোমোটিভ কেনা, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ বাড়ানো এবং ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ও লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নাধীন বড় রেল প্রকল্পের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হচ্ছে।

    ৩০টি ইঞ্জিনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা হলেও এটি সামগ্রিক চাহিদা মেটাতে যথেষ্ট নয়। রেল কর্মকর্তাদের হিসাবে, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সেই তুলনায় এই প্রকল্পে মিলছে ৩০টি। ফলে পর্যায়ক্রমে আরও ইঞ্জিন সংগ্রহের প্রয়োজন থাকবে।

    রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের রেল নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি আছে। এ কারণে অনেক সময় সক্ষমতা অনুযায়ী ট্রেন চালানো যায় না। তাঁর মতে, প্রকল্প বাস্তবায়িত হলে ইঞ্জিন সংকট অনেকটা কমবে এবং পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেলব্যবস্থা গড়া সহজ হবে।

    প্রতিমন্ত্রী আরও জানান, সরকার দীর্ঘমেয়াদে রেল নেটওয়ার্কের আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০৪০ সালের মধ্যে এই রূপান্তরের লক্ষ্য আছে। তবে রূপান্তরে দেরি হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও কিছু রুটে মিটারগেজ ট্রেন চলতে পারে। তাই বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা ও এর সক্ষমতা বাড়ানোও সমান জরুরি।

    প্রকল্পের আরেকটি দিক হলো প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। আধুনিক ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন চালানো ও রক্ষণাবেক্ষণে বিশেষায়িত দক্ষতা লাগে। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞরা স্থানীয় প্রকৌশলী ও কর্মীদের প্রশিক্ষণ দেবেন। নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরিচালনা ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত সহায়তাও মিলবে। এতে ইঞ্জিনের ত্রুটি শনাক্তকরণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ বদলে রেলের জনবলের দক্ষতা বাড়বে এবং ভবিষ্যতে বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কিছুটা কমতে পারে।

    প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল এলাকা এর সুফল পাবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, দরপত্র প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় এবং ইঞ্জিনের পাশাপাশি ওয়াগন ও পণ্য ওঠানো-নামানোর অবকাঠামো কতটা এগোয়, কারণ রেলের মালবাহী সক্ষমতার প্রকৃত উন্নতি এসবের সমন্বিত অগ্রগতির ওপরই নির্ভর করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    কেরুর ডিস্টিলারি বিভাগে মুনাফা ২২৪ কোটি টাকা, রাজস্ব জমা ১৫৮ কোটি

    নভেম্বর 18, 2026
    অর্থনীতি

    পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, ৯৭ শতাংশই আসছে মৌলিক পণ্য থেকে

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, সংসদে ইপিএ উপস্থাপন

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.