নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের বার্ষিক ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের ক্ষেত্রে ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারের আয় করমুক্ত রাখা হয়েছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ উৎসাহিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন কর অব্যাহতি, ছাড় ও প্রণোদনা চালু করেছে।
সোমবার মৌলভীবাজার-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের একটি তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তাঁর ভাষ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ এবং গ্রামীণ ব্যবসার জন্য একাধিক সুবিধা দেওয়া হয়েছে।
স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিভিত্তিক ব্যবসার ক্ষেত্রে টানা নয় বছর টার্নওভারভিত্তিক করে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির কাজও পুরোপুরি করমুক্ত সুবিধার আওতায় এসেছে।
ব্যবসা পরিচালনা সহজ করতে করদাতারা এখন বছরের যেকোনো সময় সুবিধামতো আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বছরের শুরুতে রিটার্ন দিলে প্রণোদনা মিলবে। তবে অনেক দেরিতে জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে। কর্মচারীদের সুযোগ-সুবিধা, আপ্যায়ন, বিনামূল্যে নমুনা বিতরণ ও প্রচারমূলক কার্যক্রমসহ ব্যবসার বিভিন্ন ব্যয়কে কর রেয়াতযোগ্য ব্যয়ের আওতায় আনা হয়েছে। এতে ব্যবসায়ীদের করের বোঝা কমবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
রপ্তানিমুখী খাতেও সুবিধা বেড়েছে। ব্যাক-টু-ব্যাক এলসির পাশাপাশি স্থানীয় ঋণপত্রের (এলসি) মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে সরবরাহকেও পরোক্ষ রপ্তানি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
কর-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াও সহজ করা হয়েছে। নতুন ব্যবস্থায় করদাতারা আপিল পর্যায়ে বিরোধপূর্ণ করের এক শতাংশ, ট্রাইব্যুনালে তিন শতাংশ এবং হাইকোর্টে ১০ শতাংশ জমা দিয়ে আপিল করতে পারবেন। আগে এই হার ছিল যথাক্রমে ১০, ১৫ ও ২৫ শতাংশ। অর্থাৎ বিরোধ নিষ্পত্তিতে আগাম জমার বোঝা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা উৎপাদনশিল্প, পর্যটন ও ক্রীড়া প্রতিষ্ঠানের জন্য ত্বরিত অবচয় সুবিধা চালু হয়েছে। এর আওতায় ভবন ও যন্ত্রপাতির ওপর প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ অবচয় দাবি করা যাবে। এতে রাজধানী ও বন্দরনগরীর বাইরে বিনিয়োগে উৎসাহ বাড়তে পারে।
বিভিন্ন খাতে অগ্রিম কর ও উৎসে করের হারও কমানো হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবায় ১২ শতাংশ থেকে ১০ শতাংশ এবং প্যাকেজিং সামগ্রী সরবরাহে পাঁচ শতাংশ থেকে তিন শতাংশ করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ থেকে চার শতাংশ এবং রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে পাঁচ শতাংশে নামানো হয়েছে। আয়কর নিরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে আগের ম্যানুয়াল পদ্ধতির বদলে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ঝুঁকিভিত্তিক নির্বাচনব্যবস্থা চালু হয়েছে বলেও জানান তিনি।
একই অধিবেশনে গোপালগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার পক্ষে এস এম জিলানী মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মানুষের জন্য সুদমুক্ত ঋণের বিষয়ে প্রশ্ন তোলেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের কাছ থেকে আমানত নিয়ে ঋণ দেয় এবং ঋণ থেকে পাওয়া আয় দিয়েই আমানতকারীদের মুনাফা দেয়। তাই ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত ঋণ দেওয়ার সুযোগ নেই। তবে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, মৎস্যজীবী, নিম্ন আয়ের মানুষ ও যুব কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সরকার স্বল্পসুদের বিভিন্ন অর্থায়ন কর্মসূচি নিয়েছে।
অর্থমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য ব্যবহার করে ৪১ হাজার কোটি টাকার পাঁচটি বড় অর্থায়ন প্যাকেজ রয়েছে। এগুলোর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ১০ হাজার কোটি টাকা, উত্তরবঙ্গ কৃষি হাব প্রতিষ্ঠায় তিন হাজার কোটি টাকা এবং রপ্তানি বহুমুখীকরণে তিন হাজার কোটি টাকা বরাদ্দ আছে। এ ছাড়া প্রি-শিপমেন্ট অর্থায়নে পাঁচ হাজার কোটি টাকা এবং চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন খাতের জন্য দুই হাজার কোটি টাকার আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
সব মিলিয়ে সরকারের এসব উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, বিশেষ করে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে। তবে সুবিধাগুলো প্রকৃত উদ্যোক্তাদের কাছে কতটা পৌঁছায় এবং ব্যাংকঋণ ও প্রণোদনা প্যাকেজের অর্থ কত দ্রুত ছাড় হয়, তার ওপরই এসব ঘোষণার বাস্তব প্রভাব নির্ভর করবে।

