যশোরের ঝিকরগাছার গদখালীতে শীত ও উৎসবের মৌসুম ঘিরে ব্যস্ততা বেড়েছে ফুলচাষি ও ব্যবসায়ীদের। বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে বাড়ছে ফুলের চাষ ও পরিচর্যা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী চার মাসে গদখালীতে প্রায় ২৫০ কোটি টাকার ফুল কেনাবেচা হতে পারে বলে আশা করছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিকরগাছায় প্রায় ৬ হাজার কৃষক ৫৭১ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করেছেন। গদখালী, পানিসারা, হাঁড়িয়া, পটুয়াপাড়া, বর্ণী, নীলকণ্ঠনগর, শিওরদাহ, নারাঙ্গালী, নির্বাসখোলাসহ অন্তত ৪৩টি গ্রামের মাঠজুড়ে এখন ফুলের আবাদ। গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদা, জারবেরা ও চন্দ্রমল্লিকার পাশাপাশি চাষ হচ্ছে সূর্যমুখী, টিউলিপ ও দোলনচাঁপা। বিশেষ দিবসগুলোতে এসব ফুলের চাহিদা বাড়ে বলে আগেভাগেই চাষের প্রস্তুতি নেন কৃষকেরা।
পানিসারা গ্রামের ফুলচাষি সাঈদ আলী সর্দার এক বিঘা জমিতে রজনীগন্ধার চাষ করেছেন। তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। গত মৌসুমে রজনীগন্ধার প্রতি স্টিক ৫ থেকে ৬ টাকায় বিক্রি হয়েছিল। এবারও ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি। একই গ্রামের আজিজুল সর্দার জারবেরা, গোলাপ ও চন্দ্রমল্লিকার পাশাপাশি ঝাউ চাষ করেছেন। তাঁর ভাষ্য, ফুলের চাষ শুরু করার প্রায় তিন মাসের মধ্যে বাজারে বিক্রির উপযোগী হয়। তাই বিশেষ দিবসের চাহিদা মাথায় রেখে আড়াই থেকে তিন মাস আগে থেকেই জমিতে চাষ শুরু করতে হয়।
একই ধরনের ফুলের ওপর নির্ভর না করে কয়েক জাতের ফুল চাষ করছেন অনেক কৃষক। পটুয়াপাড়ার ফুলচাষি ও ব্যবসায়ী রমজান আলী বলেন, প্রতি মৌসুমে কিছু ফুলের দাম ভালো পাওয়া যায়, আবার কিছু ফুলের দাম কমে যায়। একাধিক জাতের ফুল চাষ করলে কোনো একটি ফুলের দাম পড়ে গেলেও অন্যটি থেকে লোকসান সামাল দেওয়ার সুযোগ থাকে। নিজের জমির ফুলের পাশাপাশি তিনি অন্য চাষিদের কাছ থেকেও ফুল কিনে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরবরাহ করেন।
গদখালী বাজারে বর্তমানে জাত ও মানভেদে প্রতি পিস গোলাপ ৪ থেকে ৬ টাকা, গ্লাডিওলাস ১০ থেকে ১৮ টাকা, জারবেরা ৮ থেকে ১৫ টাকা এবং রজনীগন্ধা ৩ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে। চন্দ্রমল্লিকা, গাঁদা ও ফুল সাজানোর উপকরণের দামও চাহিদা ও সরবরাহ অনুযায়ী ওঠানামা করছে। বিশেষ দিবসের আগে এসব ফুলের দাম আরও বাড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, গত বছর জাতীয় নির্বাচন ফুলের ভরা মৌসুমে হওয়ায় প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি। এবার পরিস্থিতি অনুকূলে থাকলে গদখালীতে সারা বছরের ফুল কেনাবেচা ৫০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। এর মধ্যে আগামী চার মাসের বিশেষ দিবসগুলোতেই প্রায় ২৫০ কোটি টাকার বেচাকেনার সম্ভাবনা দেখছেন তাঁরা। তবে কয়েকটি বিশেষ দিবস রমজান মাসে পড়ায় বিক্রিতে কিছুটা প্রভাব পড়তে পারে। সার সংগ্রহের জন্য কৃষকদের দূরে যেতে হওয়ায় সময়ও নষ্ট হচ্ছে বলে জানান তিনি। ফুলচাষিদের জন্য আলাদা সার বরাদ্দ এবং বিদেশি কৃত্রিম ফুলের আমদানি বন্ধের দাবিও জানিয়েছেন এই সমিতি নেতা।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, এলাকায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কোনো কৃষক সার না পেলে কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। ফুলচাষিদের সার, পানি ও কীটনাশক ব্যবস্থাপনা নিয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি গদখালী এলাকায় ফুল চাষের কয়েকটি প্রদর্শনী প্লটও করা হয়েছে।

