দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
উল্লেখ্য, এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নির্ধারিত ২২ ক্যারেট সোনার দামের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে।

