রাজধানীর হাতিরঝিলের একাংশের পানি দুই সপ্তাহের বেশি সময় ধরে গোলাপি রং ধারণ করেছে। এর কারণ খুঁজে পেতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের সহযোগিতা নিয়েছে ঝিলের তত্ত্বাবধায়ক সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার দুপুরে এফডিসি থেকে গুদারাঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ করে এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজা অংশের পানিতে গোলাপি আভা দেখা গেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কৌতূহল তৈরি হয়েছে। কারওয়ান বাজার থেকে হাতিরঝিল হয়ে ওয়াটার ট্যাক্সিতে প্রায়ই রামপুরা যাতায়াতকারী একটি বেসরকারি ব্যাংকের কর্মী নেসার উদ্দিন জানান, গত সপ্তাহে এফডিসির অংশে তিনি হঠাৎ গোলাপি রং দেখতে পান। যাত্রীদের মধ্যে এ নিয়ে আলোচনা হলেও আসল কারণ জানা যায়নি। ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, সপ্তাহখানেক আগে রাজউকের লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছিলেন এবং এরপরই রং বদলে যায়। এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।
রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম জানান, হঠাৎ পানিতে এ রং কেন ও কোথা থেকে এল, তার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। রহস্য উদ্ঘাটনে তারা বুয়েটের সহায়তা নিচ্ছেন।
বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন বলেন, ৩ নভেম্বর তাঁরা ঝিলের বিভিন্ন স্থান ও গভীরতা থেকে পানির নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিক পরীক্ষায় পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে। গবেষক দল পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়াও পেয়েছে। গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে।
অধ্যাপক আয়শা শারমিন জানান, হাতিরঝিলের পানিতে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ফেলা হয়, ফলে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ অনেক বেশি। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইউট্রোফিকেশন। এর মধ্যে দুর্গন্ধ কমাতে পানিতে চুন দেওয়া হয়েছিল, যার ফলে পানির পিএইচ মান বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে পার্পল সালফার ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। এসব ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করে, যার কারণে পানি গোলাপি হতে পারে। সায়ানো ব্যাকটেরিয়ার উপস্থিতির সম্ভাবনাও আছে। তবে কোন ব্যাকটেরিয়ার কারণে রং বদলেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চলতি মাসের শেষ দিকে গবেষণার বিস্তারিত ফল রাজউকের কাছে হস্তান্তরের চেষ্টা করছে বুয়েট।
বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে একটি প্রকল্প নেওয়া হয়। কয়েক দফা ব্যয় ও মেয়াদ বাড়ার পর ২০২১ সালে প্রকল্প শেষ হয়, ব্যয় দাঁড়ায় ২ হাজার ২৩৬ কোটি টাকা। রাস্তাঘাট, উড়ালসড়কসহ নানা অবকাঠামো ও ঝিল খননের কাজ হলেও পয়োবর্জ্য ফেলা বন্ধ হয়নি। এখনো ঝিল থেকে আশপাশে দুর্গন্ধ ছড়ায়।
হাতিরঝিল রাজধানীর কেন্দ্রের একটি জলাশয়, যা এক সময় ভাওয়াল রাজার সম্পত্তি ছিল। হাতির পাল এখানে গোসল করত ও পানি খেত বলে এর নাম হয় হাতিরঝিল।

