বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে যমুনা নদীর তীরবর্তী চার জেলার এক লাখ মানুষকে প্যারামেট্রিক ইনস্যুরেন্সের আওতায় এনেছে সরকার। জেলাগুলো হলো সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর। পরীক্ষামূলকভাবে চালু করা এই দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম চলবে আগামী দুই বছর। এ সময়ে আগে থেকে ঠিক করা সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বিমার আওতাভুক্ত ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন।
আজ সোমবার রাজধানীতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক ওই অনুষ্ঠানে কথা বলেন যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন অংশের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ।
তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বন্যা ও ঘূর্ণিঝড়সহ নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়। এত দিন এসব মোকাবিলায় মূলত ত্রাণ, উদ্ধার, জরুরি সাড়াদান ও পুনর্বাসনের ওপর নির্ভর করা হয়েছে। এই প্রচলিত ব্যবস্থার বাইরে এসে ঝুঁকি সামাল দিতে আধুনিক অর্থায়ন পদ্ধতি চালু করা দরকার। সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প পরিচালক জানান, যমুনা নদীর পানি বাড়লে তীরবর্তী চার জেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হন। তাঁদের ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে দিতেই প্যারামেট্রিক ইনস্যুরেন্স চালুর উদ্যোগ। এই পদ্ধতিতে কিছু নির্দিষ্ট সূচক বা প্যারামিটারের ভিত্তিতে দুর্যোগের পরিস্থিতি বিবেচনা করা হয়। শর্ত পূরণ হলে বিমার সুবিধা দেওয়া হয়।
প্রকল্পটির মেয়াদ তিন বছর। এর মধ্যে তিনটি বন্যা মৌসুম কাভার করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে প্রথম বছরের কার্যক্রম শেষ হয়েছে। ওই বছর প্যারামেট্রিক ইনস্যুরেন্স পণ্যের নকশা তৈরি করা হয়েছে। সরকারি প্রকল্প হওয়ায় এই বিমার ইনস্যুরার হিসেবে দায়িত্ব পালন করছে সাধারণ বীমা করপোরেশন।
প্রথম বছরে জুন থেকে সেপ্টেম্বর, এই চার মাসের বন্যা মৌসুম বিবেচনায় চার জেলার এক লাখ উপকারভোগীকে বিমার আওতায় আনা হয়েছিল। কিন্তু এ বছর নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা হয়নি। ফলে বিমার শর্ত পূরণ হয়নি এবং কাউকে আর্থিক সহায়তা দিতে হয়নি। কামরুল হক মারুফের ভাষ্য, সূচক অনুযায়ী বন্যা হলে উপকারভোগীরা বিমা থেকে সুবিধা পেতেন। কিন্তু বড় বন্যা না হওয়ায় বিমা পণ্যটি কার্যকর হয়নি। প্রকল্পের আরও দুই বছর বাকি। এ সময়ে শর্ত অনুযায়ী বড় বন্যা হলে সহায়তা মিলবে। দ্বিতীয় বছরের জন্য নতুন করে বিমা পণ্যের নকশার কাজও চলছে।
প্রকল্পের অন্য অংশগুলোর কথাও তিনি তুলে ধরেন। প্রথম অংশ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। তারা গাইবান্ধা এলাকায় যমুনার তীর রক্ষায় গ্রোয়েন নির্মাণসহ অবকাঠামোর কাজ করছে। আরেকটি অংশ দেখছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। তারা নদীর চ্যানেল নিয়ে কাজ করবে। তৃতীয় অংশের আওতায় চলছে দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম।
চার জেলার বিপুলসংখ্যক মানুষ বন্যার ঝুঁকিতে থাকলেও সীমিত সম্পদের কারণে আপাতত এক লাখ মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। প্রকল্প পরিচালক বলেন, শুধু এক লাখ মানুষকে নিয়ে এই ব্যবস্থা টেকসই করা সম্ভব নয়। উপকারভোগীর সংখ্যা ও এলাকা, দুই দিকেই কাভারেজ বাড়াতে হবে। ভবিষ্যতে যমুনা অববাহিকার আরও এলাকা এবং প্রয়োজনে দেশের অন্য দুর্যোগপ্রবণ অঞ্চলেও এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে।
তিনি স্বীকার করেন, দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স দুটিই দেশের জন্য নতুন ধারণা। প্রকল্পের কর্মকর্তারা নিজেরাও বিষয়টি শিখছেন। এই ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। বিমার সুবিধা কী, কারা উপকারভোগী এবং ক্ষতিগ্রস্ত মানুষ কীভাবে সহায়তা পাবেন, এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। এতে ভবিষ্যতে কার্যক্রমের পরিধি বাড়ানো সহজ হবে।
কর্মশালায় প্রকল্পের কারিগরি দিক, প্যারামেট্রিক ইনস্যুরেন্সের কার্যপদ্ধতি, উপকারভোগী নির্বাচন এবং সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ অতিথি ছিলেন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।
প্রথাগত বিমার সঙ্গে এই ব্যবস্থার মূল পার্থক্য হলো, এখানে ক্ষতির পরিমাণ যাচাই করে দাবি নিষ্পত্তির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় না। নদীর পানির উচ্চতার মতো আগে থেকে ঠিক করা সূচক ছুঁলেই সহায়তা মেলে। ফলে বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। তবে প্রথম বছরের অভিজ্ঞতা একটি বিষয়ও সামনে এনেছে। সূচক পূরণ না হলে বন্যার সময় কিছু এলাকায় ক্ষতি হলেও বিমার অর্থ না-ও মিলতে পারে। তাই সূচক নির্ধারণে স্বচ্ছতা এবং উপকারভোগীদের কাছে এর ব্যাখ্যা পৌঁছানো এই উদ্যোগের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হবে।

